চরাঞ্চলের বিপুল শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুরা ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভালো ফল করলেও মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে তাদের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, চর জীবিকায়ন কর্মসূচির (সিএলপি) উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের আওতায় চরাঞ্চলের শিশুদের লেখাপড়ার জন্য ২০০৭ সালে বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুরের চরাঞ্চলে ১৬১টি বিদ্যালয় স্থাপন করা হয়। প্রতিটি বিদ্যালয়ে ৩৫ জন করে শিশু ভর্তি করা হয়। প্রকল্পের আওতায় ছয়টি বেসরকারি উন্নয়ন সংগঠনের সহায়তায় এই শিক্ষা কর্মসূচি চলে। চরের বেকার শিক্ষিত যুবককে প্রশিক্ষণ দিয়ে শিক্ষক নিয়োগ করা হয়।প্রকল্প সূত্রে জানা গেছে, গত বছর ১৬১টি বিদ্যালয় থেকে তিন হাজার ৭৮১ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে তিন হাজার ৭৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৮। অথচ সারা দেশে গড় পাসের হার ৯৭ দশমিক ৩৫।সম্প্রতি জিপিএ-৫ পাওয়া ২০৭টি শিশুকে বগুড়া ও কুড়িগ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সিএলপির টিম লিডার ম্যালকন মার্কস, ডেপুটি টিম লিডার আবদুল হক, সংস্থার পরিচালক (অর্থ) রাজীব হাসান, অপারেশন ডিরেক্টর আবদুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা শিশুদের হাতে বেলুন, ফুল, ক্রেস্ট ও বিদ্যালয়-ব্যাগ তুলে দেন।সারিয়াকান্দি উপজেলার পূর্ব শোনপচা চরের কৃষক রমজান শেখের মেয়ে রোজিনা আখতার ও রুবিনা আখতার দুজনেই এবারের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তারা জানায়, পড়ার সুযোগ পাওয়ায় তারা ভালো করেছে। কিন্তু এখন আর পড়া হবে না। কারণ, তাদের চরে দুই-তিন কিলোমিটারের মধ্যে কোনো উচ্চবিদ্যালয় নেই। একই উপজেলার নতুন ধানারপাড়া চরের খুশু মণ্ডলের ছেলে মোশাদুল ইসলাম বলে, ‘এই পর্যন্ত আমাগোরে পড়া শেষ। এলাকায় কোনো উচ্চবিদ্যালয় নেই। এ কারণে হয়তো আর পড়া হবে না।’ শোনপচা চরের কৃষক আবদুল করিম বলেন, ‘সরকার থেকে কিছু করলি ছোলপলের পড়া হবি, তা না হলি ইংকায় (এমনই) থাকপি।’সিএলপির ডেপুটি টিম লিডার আবদুল হক জানান, চরের শিশুরা ভালো সুযোগ-সুবিধা পেলে জেলা বা উপজেলা পর্যায়ে থাকা শিশুদের চেয়ে ভালো করবে, তার প্রমাণ চর জীবিকায়ন প্রকল্পের এই শিশুরা। চরের শিশুদের লেখাপড়া মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করার জন্য সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাব দেওয়া হয়েছে।