চরাঞ্চলের ভূমিহীন কৃষকদের খেতের ধান রক্ষার দাবি
পটুয়াখালীর চরাঞ্চলে বসবাসরত ভূমিহীন কৃষকদের খেতের ধান রক্ষা, ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত এবং ভুয়া বন্দোবস্ত বাতিল করাসহ ১০ দফা দাবিতে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক ফেডারেশনের পটুয়াখালী শাখার উদ্যোগে আয়োজিত ওই সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোতালেব মৃধা।
মোতালেব মৃধা বলেন, জেলায় প্রায় ৮০ হাজার একর খাসজমি রয়েছে। এখানে ভূমিহীন পরিবারের সংখ্যা কমপক্ষে আট হাজার। এর মধ্যে তিন হাজার পরিবার খাসজমি বন্দোবস্ত পেয়ে চরে চাষাবাদ করে ফসল ফলাচ্ছে। যেসব ভূমিহীন পরিবার এখনো বন্দোবস্ত পায়নি, তারাও চরে পড়ে থাকা জমিতে চাষাবাদ করে আসছে। জেলার বাউফল উপজেলার চর ব্যারেট, চর রায়সাহেব, দশমিনার চর আজমা, চর ভূতাম, চর হাদী, চর শাহজালাল, চর বোরহান, গলাচিপার চরবাংলা ও চরশিবা—এই নয়টি চরে সীমানা নিয়ে বিরোধ রয়েছে। চলতি আমন মৌসুমে যখন ধান পাকতে শুরু করে তখন জোতদারদের লাঠিয়াল বাহিনী এবং সীমানা নিয়ে বিরোধের কারণে পার্শ্ববর্তী ভোলা এলাকার লাঠিয়ালেরা হামলা চালিয়ে ভূমিহীন কৃষকদের চাষ করা খেতের ধান কেটে নেওয়ার পাঁয়তারা করছে। এ অবস্থায় ভূমিহীন কৃষকদের কষ্টের ধান রক্ষা, ভুয়া বন্দোবস্ত বাতিল এবং সীমানা নির্ধারণ করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, জেলা কমিটির সহসভাপতি নয়া মিয়া সিকদার, সদস্য সাহাবুদ্দিন তালুকদার, বাউফল উপজেলা কৃষাণী সভার সম্পাদক লাভলী আক্তার, দশমিনা উপজেলা কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস, গলাচিপা উপজেলা কৃষাণী সভার সাধারণ সম্পাদক ছকিনা বেগম প্রমুখ।