চরাঞ্চলের ১১টি গ্রামে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর স্রোতধারা বিভক্ত করেছে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নটি। এখানকার বেশির ভাগ মানুষের বাস চরাঞ্চলের গ্রামগুলোতে। অল্প কিছু লোক বাস করে ইউনিয়নের মূল ভূখণ্ডে, সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু চরাঞ্চলের ১২টি গ্রামে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে প্রাথমিক শিক্ষা শেষ করার পর এখানকার শিক্ষার্থীদের বেশির ভাগই ঝরে পড়ছে।ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে আটটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ছয়টিই মূল ভূখণ্ডে অবস্থিত। বাকি দুটি চর এলাকায় অবস্থিত। চরাঞ্চলের গ্রামগুলোতে প্রায় নয় হাজার লোক বসবাস করে। সেখানে বিদ্যালয়ের যাওয়ার উপযোগী শিশু রয়েছে প্রায় দুই হাজার। চরাঞ্চলে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় তারা পড়াশোনা করতে পারছে না। কিছু অদম্য শিক্ষার্থী পদ্মা পার হয়ে মূল ভূখণ্ডে পড়াশোনা করতে যায়।নর্থ চ্যানেল ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ওই ১২টি গ্রামের মধ্যে কমপক্ষে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও আরও একটি প্রাথমিক বিদ্যালয় থাকলে সেখানকার দুই হাজার ছেলেমেয়ে পড়াশোনা করার সুযোগ পেত। কিন্তু মাধ্যমিক বিদ্যালয় না থাকায় মাত্র ২৩০ জন শিক্ষার্থী বহু কষ্টে নদী পাড়ি দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।৭৩ দাগ গ্রামের চায়ের দোকানদার সেলিম পাল বলেন, ‘আমাগো এলাকায় সবচেয়ে বেশি দরকার একটা হাইস্কুল।’ ইউনুস আলী মাতুব্বরের ডাঙ্গি গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী সারমিন আক্তার বলেন, ‘আমি কষ্ট করে স্কুলে গেলেও আমার পরিচিত অনেক ছেলেমেয়েই স্কুলে যায় না। স্কুলে না যাওয়ার জন্য এখানকার মেয়েদের অল্প বয়সেই বিয়ে হয়ে যায় আর ছেলেরা কুলি-মজুর হইয়া দিন কাটায়।’আলীমুদ্দীন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের নবম শ্রেণীর ছাত্র আকমাল শেখ বলেন, নদী পার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে তিন ঘণ্টা লেগে যায়। স্কুল ধরতে খুব সকালে তাকে রওনা দিতে হয়। তবে ঝড়-বৃষ্টির দিনে নদী পার হয়ে স্কুলে যাওয়া সম্ভব হয় না।নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, ওই এলাকায় একটি হাইস্কুলের প্রয়োজনীয়তার কথা তিনি উপজেলা সমন্বয় সভায় জানিয়েছেন। এ ছাড়া তিনি সরকারি ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার দ্বারস্থ হয়েছেন যাতে সেখানে একটি হাইস্কুল হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সরকারিভাবে সরাসরি উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্থাপনের কোনো সুযোগ নেই। তবে স্থানীয় সামর্থ্যবান ব্যক্তিরা উদ্যোগী হয়ে একটি কমিটি গড়ে যদি বিদ্যালয় নির্মাণে এগিয়ে আসেন, তবে সেখানে বিদ্যালয় স্থাপন করা সহজ হবে। আমি আগামী সমন্বয় সভায় নর্থ চ্যানেলের চর এলাকায় একটি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি তুলব।’