চরিত্র হনন করার পর 'সরি' বলে পার পেতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সমাজের একটি সম্প্রদায় মানুষের চরিত্র হনন করার পর ‘সরি’ বলে পার পেয়ে যেতে চায়। এই সম্প্রদায়টি ছাড়া অন্যদের অন্যায়ের জন্য জেলে যেতে হয়, অপরাধের শাস্তি পেতে হয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাপানের শিপ হেলথ কেয়ার হোল্ডিংস ও আইচি মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এই মন্তব্য করেন। তবে তিনি সম্প্রদায়টির নাম উল্লেখ করেননি।
শিপ-আইচি রাজধানীর উত্তরায় ৬০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে। এতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। শিপ হেলথ কেয়ার হোল্ডিংস সারা বিশ্বে ১৪০টি হাসপাতাল পরিচালনার সঙ্গে যুক্ত আছে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ডাক্তার সাহেব ভুল করলে জেল হবে। পলিটিশিয়ান, ব্যবসায়ীরা ভুল করলে শাস্তি হবে। আর লিখে, সেমিনার-সিম্পোজিয়াম করে কারও চরিত্র হনন করলে শুধু দুঃখিত বললেই চলবে?’
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এম ইকবাল আর্সলান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য সালমা নাসরিন, জাপানি দূতাবাসের প্রথম সচিব তাকেসি মাতসুনাগো, শিপ-আইচি মেডিকেল সার্ভিসেস ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।