
বাড়ির সামনে কাভার্ডভ্যানের সারি। উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন প্রচণ্ড ক্ষোভের সঙ্গে বললেন, ‘এটা আবাসিক এলাকা না ট্রাকস্ট্যান্ড, তা আর বোঝার উপায় নেই। দোকানের মালামাল তোলা-নামানোর পর ট্রাক আর কাভার্ডভ্যানগুলো এনে রাখা হচ্ছে বাড়ির সামনের রাস্তাগুলোর ওপর।’
উত্তরা মডেল টাউনের শুরু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর থেকে। ঢাকা-টঙ্গী মহাসড়কের পশ্চিম পাশে উত্তরার বিজোড় নম্বরের সেক্টর, আর পূর্ব পাশে জোড় সংখ্যার সেক্টর। পশ্চিমে উত্তরা ১ নম্বর সেক্টরে প্রবেশের জন্য মহাসড়কের সমান্তরাল বরাবর একটি প্রধান সড়ক চলে গেছে জসীমউদ্দীন সড়ক পর্যন্ত। এই সড়কের পাশ দিয়ে শাখা সড়কগুলো গেছে এলাকার ভেতরে। এর দুপাশে বসতবাড়ি। উত্তরাকে আদর্শ আবাসিক এলাকা হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, তবে বর্তমানে এর আর আবাসিক চরিত্র বজায় নেই। অন্তত ১ ও ৩ নম্বর সেক্টর ঘুরে দেখা গেল, এই দুটি সেক্টর ইতিমধ্যেই একটি মিশ্র বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও অসন্তুষ্টি রয়েছে কিন্তু দিনের পর দিন দ্রুত এলাকার চরিত্র বদলে যাওয়ার প্রক্রিয়াকে তাঁরা রোধ করতে পারছেন না।
উত্তরার ১ নম্বর সেক্টরে এখন কোনো খেলার মাঠ নেই। সেক্টরের কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ও উত্তরা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাজ্জাদ জহির হাসান প্রথম আলোকে বলেন, ‘মাস্টারপ্ল্যানে এখানে অনেক বড় একটি মাঠ ও কেন্দ্রীয় মসজিদের জন্য জায়গা ছিল। কিন্তু পরে সেই মাঠের জায়গা দেওয়া হয়েছে উত্তরা ক্লাব, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল ও স্কলাস্টিকা স্কুলকে। কীভাবে মাঠের জায়গা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হলো, আমরা জানি না। এর ফলে এত বড় এলাকায় ছেলেপুলেদের খেলার কোনো জায়গা নেই। লোকজন হাঁটাহাঁটি করবেন, সে উপায়ও নেই। নারী ও বয়স্ক লোকেরা বিকল্প হিসেবে দক্ষিণ-পশ্চিম পাশের সার্ভিস সড়কের ফুটপাত দিয়ে সকালে-সন্ধ্যায় হাঁটতেন। ইদানীং সেই ফুটপাত দখল করে উত্তরা ক্লাব এক পাশে তাদের ফটক তৈরি করেছে, অন্যপাশে সাইকেল রাখার স্ট্যান্ড তৈরি করেছে। ফলে লোকজনের হাঁটার অবস্থাও নেই।’
উত্তরার ১ ও ৩ নম্বর সেক্টর ঘুরে দেখা গেল, এখানে বাংলা ও ইংরেজি মাধ্যমের অন্তত ১০টি স্কুল-কলেজ, কোচিং সেন্টারসহ বড় বড় বিপণিবিতান, গেস্টহাউস, হোটেল-রেস্তোরাঁ ও নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে অবৈধভাবে ফুটপাত বা রাস্তা দখল করে। সেক্টরের ভেতরের বেশ কিছু সড়ক খানাখন্দে ভরা। কোথাও কোথাও বহুতল ভবন হচ্ছে। নির্মাণসামগ্রী পথের ওপর স্তূপ করে রাখা। তবে এসবের চেয়ে বেশি ভোগান্তি হচ্ছে স্কুল শুরু ও ছুটির সময়। শিক্ষার্থীদের আনা-নেওয়া করতে আসা ব্যক্তিগত গাড়িগুলো ভেতরের সড়কগুলোর দুই পাশে সারি দিয়ে রাখা হচ্ছে। এর সঙ্গে যোগ হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ এসব। এতে এলাকার বাসিন্দারা যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা ত্যক্ত-বিরক্ত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সম্প্রতি উত্তরায় অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে। জসীমউদ্দীন সড়কের দুই পাশের ফুটপাতে যে অবৈধ দোকান ছিল, তা আর নেই। ৩ নম্বর সেক্টরের কাঁচাবাজারও উচ্ছেদ করা হয়েছে। তবে ১ নম্বর সেক্টরের পূর্ব পাশের প্রধান সড়কের পাশ দিয়ে যে অবৈধ পাকা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছিল, দেখা গেল, সেগুলো আবার মেরামত করে ব্যবসা-বাণিজ্য চালানো হচ্ছে।
এ বিষয়ে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘উত্তরায় কয়েক দফায় ৭০ ভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, উচ্ছেদের পর আবার ৩০ থেকে ৪০ ভাগ স্থাপনা পুনর্নির্মাণ করা হয়েছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে আবার উচ্ছেদ অভিযান শুরু হবে। যাঁরা উচ্ছেদের জায়গায় স্থাপনা করেছেন, তাঁদের কঠিন সাজা দেওয়া হবে।’ তিনি বলেন, উত্তরায় অন্তত ৩৫টি সড়ক প্রশস্ত ও পুনর্নির্মাণ করার বড় ধরনের প্রকল্প চলছে। এ কারণে ভেতরের সড়কের ছোটখাটো সংস্কারের কাজ বন্ধ আছে। তবে নির্দিষ্ট করে জানালে তাৎক্ষণিকভাবে সংস্কার করে দেওয়া হবে। আর সড়কবাতির স্বল্পতা ছিল। চলতি সপ্তাহের মধ্যেই সব সড়কে বাতি জ্বালানোর ব্যবস্থা করা হবে।
উত্তরার ১ ও ৩ নম্বর সেক্টরে কাঁচাবাজারও নেই। ১ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জানালেন, প্রধান সড়ক পার হয়ে ৬ নম্বর সেক্টরে যেতে হচ্ছে বাজার করতে। এদিকে আবার রিকশা প্রবেশ করতে পারে না। যাঁদের ব্যক্তিগত গাড়ি নেই, তাঁদের বাজার করা নিয়ে বেশ সমস্যা হচ্ছে। সেক্টরের পশ্চিম দিকে সড়কবাতিও নেই। তবে চুরি-ছিনতাই ইদানীং বেশ কমেছে বলে তিনি জানালেন।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে উত্তরা পশ্চিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আওরঙ্গজেব খান বললেন, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত মার্চ থেকে এলাকায় বিট পুলিশের ১১০টি সভা করা হয়েছে।