চরে অচেনা হিংস্র জন্তু জনমনে আতঙ্ক
ফরিদপুরের চর এলাকায় কয়েক দিন ধরে অচেনা একটি হিংস্র জন্তু দেখা যাচ্ছে। এটি গবাদিপশু ধরে নিয়ে যাচ্ছে। তাড়া করছে মানুষকে। এ অবস্থায় আতঙ্কে মানুষ সংঘবদ্ধ হয়ে চলাচল করছে।
ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত চারটি ওয়ার্ডের কবিরপুর, মনসুরাবাদ, ৪২৩৮ দাগ, মোহনমিয়ার হাট, খালেক মাতুব্বরের ডাঙ্গি, মাসিম মৃধার ডাঙ্গি, আসমত আলীর ডাঙ্গিসহ ৩১টি গ্রামে ওই জন্তু দেখা যাচ্ছে। জন্তুগুলো আকৃতিতে কুকুরের চেয়ে একটু বড়। গায়ে সাদা-কালো ডোরাকাটা দাগ। এলাকার কেউ কেউ বলছেন, এটি বাঘ কিংবা চিতাবাঘ।
এলাকার অনেকে জানান, জন্তুগুলো চর এলাকার কাশবনে লুকিয়ে থাকে। মানুষ ও গবাদিপশু দেখলেই বের হয়ে তাড়া করে। সন্ধ্যা ও ভোরে এদের বেশি দেখা যাচ্ছে। ইতিমধ্যে গরু, ছাগলসহ ১০টি গবাদিপশু খেয়ে ফেলেছে ওই জন্তুগুলো। মানুষকে তাড়া করায় এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। এলাকার নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে রাত-দিন পাহারা দিতে শুরু করেছেন। লোকজন কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। কমে গেছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি। এলাকার মসজিদের মাইকে ঘোষণার মাধ্যমে জন্তুটির ব্যাপারে সতর্ক করার পর সবাই লাঠি হাতে নিয়ে চলাচল করছেন।
মনসুরাবাদ গ্রামের শেখ শহীদ (৩০) বলেন, গত শনিবার সন্ধ্যায় জমি চাষ করে ফেরার পথে কবিরপুর কাশবন এলাকায় একটি জন্তু তাঁকে তাড়া করে। পরে কয়েকজন জেলে এসে উদ্ধার করেন। এ ঘটনায় বাড়ি এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল বুধবার তাঁর জ্ঞান ফেরে।
দুদু মাতুব্বরের ডাঙ্গি গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক এরশাদ সরদার জানান, এ জন্তুগুলোর কারণে সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চালাতে হচ্ছে, ভাড়াও অনেক কমে গেছে।
চরনটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা জানান, এ পশুর ভয়ে তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা তিন শ থেকে এক শতে নেমে এসেছে। তা ছাড়া অভিভাবকদের দাবির কারণে বিকেল চারটার স্থলে বেলা একটার মধ্যে স্কুল ছুটি দিতে হচ্ছে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন জানান, প্রায় এক মাস ধরে এলাকায় এ জন্তু দেখা যাচ্ছে। তবে ১০ দিন হলো এগুলোর উৎপাত বেড়ে গেছে।
ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ইউএনও মো. জহিরুল ইসলাম জানান, অবস্থান শনাক্ত করে জন্তুগুলো আটক করতে ইউপি চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বন বিভাগের লোকদেরও পাঠানোর ব্যবস্থা করা হবে।