চরে আটকা ফেরি উদ্ধার, ঘাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ ঝোড়ো বাতাসের ধাক্কায় গতকাল সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়ার ডুবোচরে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটটি গাড়ি নিয়ে আটকে যায়। সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়।

একই সময় ২ নম্বর ফেরিঘাট পল্টুনের কবজা ভেঙে যাওয়ায় ঘাটটি বন্ধ রয়েছে।

ফেরিতে আটকে থাকা কয়েকজন যাত্রী জানান, বিকেল সাড়ে চারটার দিকে পাটুরিয়া থেকে যাত্রীবাহী দুটি বাস, পণ্যবাহী দুটি ট্রাক ও ব্যক্তিগত দুটি গাড়ি নিয়ে ফেরিটি দৌলতদিয়ায় যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড বাতাসে ফেরিটি ডুবোচরে আটকে পড়ে। রাত নয়টার দিকে উপায় না পেয়ে কিছু যাত্রী বিকল্প উপায়ে ট্রলার ভাড়া করে নেমে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লি­­উটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, একটি উদ্ধারকারী জাহাজের সাহায্যে পাঁচ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাটটি বন্ধ আছে। বন্ধ ঘাটটি চালু করতে আজ মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু হয়েছে। বর্তমানে বাকি দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।