নাব্যতা-সংকটের কারণে গত রোববার রাত ১১টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মূল চ্যানেলের প্রবেশমুখে যানবাহন নিয়ে একটি ফেরি আটকে যায়। এতে এ পথে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নাব্যতা ও ফেরিসংকট এবং চরে ফেরি বারবার আটকে যাওয়ায় দুই পাড়ে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায়ও সাড়ে ছয় শতাধিক যানবাহন আটকে ছিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, রোববার রাত ১১টার দিকে পাটুরিয়া থেকে চারটি যাত্রীবোঝাই বাস, চারটি ট্রাক ও দুটি ছোট গাড়িসহ আড়াই শ যাত্রী নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি মূল চ্যানেলের শেষ দিকে দৌলতদিয়া ঘাটের কাছে চ্যানেলটির প্রবেশমুখে এসে বালুর চরে আটকা পড়ে। এ চ্যানেলের প্রবেশমুখ বন্ধ থাকায় অন্যান্য ফেরি চলাচল বন্ধ থাকে। এ কারণে ফেরি দিয়ে যানবাহন পারাপারও বন্ধ হয়ে যায়। এতে উভয় পাড়েই বিভিন্ন জেলা থেকে আসা কয়েক শ যানবাহন আটকে থাকে। এ সময় পাটুরিয়াঘাট থেকে খানজাহান আলী ফেরি দৌলতদিয়ায় আসতে গিয়ে মাঝনদীতে ভাসতে থাকে। এ ছাড়া বাকি সাতটি ফেরি দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ আশা-১ আড়াই ঘণ্টা পর রাত একটার দিকে চরে আটকে থাকা ফেরিটি সরায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফেরিচালক বলেন, তাঁরা সারা বছর কষ্ট করে সরকারকে কয়েক কোটি টাকা আয় করে দেন। অথচ সরকার কোটি কোটি টাকা ড্রেজিং খাতে অপচয় করছে। সঠিক ও পরিকল্পনামাফিক খনন করা হলে নদীপথে এ অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হতো না।বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক দাবি করেন, নদীতে দ্রুত পানি কমে যাওয়ায় চ্যানেল বালু জমে ভরাট হয়ে গেছে। এ কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। তবে সরকারের পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দলের সিদ্ধান্তে নতুন করে স্থায়ীভাবে আরেকটি চ্যানেল তৈরি করার জন্য দ্রুত খননকাজ চলছে। এ নিয়ে ফেরিচালকদের চিন্তিত হওয়ার কারণ নেই।