চরে আটকে লাইটার জাহাজ দুই ভাগ, ডুবে গেছে একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপের অদূরে চরে আটকা পড়ে গতকাল সোমবার সকালে পণ্যভর্তি একটি লাইটার জাহাজের মাঝ বরাবর প্রায় দুই ভাগ হয়ে গেছে। পরে জাহাজটির একটি অংশ ডুবে গেছে।

জানা গেছে, পণ্যভর্তি ‘এমভি রামি-সামি-১’ জাহাজটিতে ১৬ জন নাবিক রয়েছেন। তাঁরা দুর্ঘটনাকবলিত জাহাজেই অবস্থান করছিলেন। গতকাল বেলা আড়াইটার দিকে জাহাজটির একটি অংশ ডুবে গেলে তাঁরা আরেকটি লাইটার জাহাজে আশ্রয় নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে ক্লিংকার নিয়ে গত শনিবার এমভি রামি-সামি-১ নামের জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। ওই দিনই সন্দ্বীপের অদূরে চর নুরুল ইসলাম-১-এর কাছে আটকা পড়ে জাহাজটি। এ সময় জাহাজের মাস্টার জোয়ারের সময় জাহাজটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে গতকাল সকাল আটটায় জাহাজটির মাঝ বরাবর প্রায় দুই ভাগ হয়ে দুই দিকে কাত হয়ে যায়। জাহাজের তিনটি খোলের (পণ্য রাখার জায়গা) মধ্যে দুটিতে পানি ঢুকে পড়ে।

জাহাজের মাস্টার মো. ফজলুর রহমান গতকাল বেলা আড়াইটায় ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাহাজটির একাংশ ডুবে গেছে। পাশে থাকা একটি লাইটার জাহাজে আমরা আশ্রয় নিচ্ছি।’

জাহাজের নাবিকেরা মুঠোফোনে জানান, চরে আটকা পড়ার পর উদ্ধারকারী জাহাজ পাওয়া গেলে জাহাজটিকে টেনে চর থেকে সরিয়ে নেওয়া যেত। কিন্তু সাহায্য চেয়েও কোনো উদ্ধারকারী জাহাজ পাওয়া যায়নি।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ জানান, জাহাজটি মাত্র দুই বছর আগে পানিতে নামানো হয়েছে। এটিতে প্রায় তিন হাজার টন ক্লিংকার রয়েছে। এগুলো হোলসিম সিমেন্ট কারখানার কাঁচামাল।