চরে আধুনিক হাসপাতাল নেই সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরের মধ্যে সুরম্য তিনতলা ভবন! শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) লাগানো কক্ষে আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম। ধুলার আস্তরণ জমেছে সেসবে। বছরের পর বছর ধরে এসব যন্ত্রপাতি পড়ে আছে। অথচ চরের মানুষ চিকিৎসাসেবা থেকে এক রকম বঞ্চিত।চিত্রটি নোয়াখালীর উপকূলীয় উপজেলা কবিরহাটের চর আলগী ২০ শয্যা হাসপাতালের। নতুন গঠিত উপজেলার দুই লাখ মানুষের জন্য এটিই একমাত্র হাসপাতাল। ২০০০ সালে সৌদি সরকারের অনুদানে এটি গড়ে ওঠে। হাসপাতালটি কবিরহাট উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে চর আলগী বাজারের পাশে অবস্থিত।চর আলগীর কৃষক রহিম উল্লা, দ্বীন ইসলাম, সফি উল্লাসহ স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম এ চরে সরকার হাসপাতাল করায় তাঁরা খুশিই হয়েছিলেন। সেখানে নাকি দামি যন্ত্রপাতি আছে। কিন্তু কখনো যন্ত্রপাতির ব্যবহার দেখেননি। সরকারের কাছে তাঁদের দাবি, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়াসহ হাসপাতালে স্থাপিত যন্ত্রপাতিগুলো যেন চরাঞ্চলবাসীর কাজে লাগানো হয়।নোয়াখালীর সিভিল সার্জন আহমদ হোসাইন হাসপাতালটির নানা সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, হাসপাতালটি উন্নয়ন খাতের অর্থে পরিচালিত হতো। প্রকল্পের মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে। বর্তমানে এর জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। রাজস্ব খাতে গেলে জনবল সংকট থাকবে না। সেবার মানও বাড়বে।যন্ত্রপাতি: হাসপাতালে রয়েছে অত্যাধুনিক এক্স-রে যন্ত্র, ইসিজি, আধুনিক ডেন্টাল চেয়ার, এনেসথেসিয়া মেশিন, শীতাতপনিয়ন্ত্রিত অস্ত্রোপচার কক্ষ (ওটি), যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যন্ত্র ও আলট্রাসনোগ্রাম যন্ত্র। এর মধ্যে ইসিজি, ডেন্টাল চেয়ার ও অস্ত্রোপচার কক্ষের যন্ত্রপাতি ১১ বছরের মধ্যে কখনো ব্যবহার করা হয়নি। যার ফলে প্রতিটি যন্ত্রপাতির ওপর ধুলাবালির স্তর জমেছে। এসব যন্ত্রপাতির দাম প্রায় অর্ধকোটি টাকা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দীর্ঘদিন অব্যবহূত থাকায় হাসপাতালের যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে পড়ছে বলে স্বীকার করেছেন সিভিল সার্জন।রোগী ও ওষুধ: শুরুতে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৭০-৮০ জন রোগী চিকিৎসা নিতে আসত। ভর্তি হতো আট-দশজন। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে প্রতিদিন ১৩০-১৫০ রোগী চিকিৎসা নিতে আসে। হাসপাতাল সূত্র জানায়, আগে ওষুধের সরবরাহ পর্যাপ্ত ছিল। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন পর্যাপ্ত ওষুধও মেলে না। কারণ, সিভিল সার্জনের কার্যালয় থেকে অন্য উন্নয়ন খাতের অর্থ দিয়ে এ হাসপাতালের জন্য সীমিত পরিমাণে ওষুধ সরবরাহ করা হয়। সেই টাকায় হাসপাতালে ভর্তি হওয়া ২০ জন রোগীকে খাবার-দাবার দেওয়া হয়। সম্প্রতি হাসপাতালে গিয়ে কথা হয় মহিলা ওয়ার্ডে ভর্তি হওয়া চর যাত্রার বাসিন্দা রেজিয়া খাতুনের সঙ্গে। তিনি জানান, বাতের ব্যথা, হাঁপানিসহ নানা সমস্যা তাঁর। কিন্তু বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।জনবল: ২০০০ সালের শেষের দিকে হাসপাতালটির উদ্বোধন হয়। উদ্বোধনের আগে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও চারজন চিকিৎসকসহ ৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দুজন চিকিৎসা কর্মকর্তা, চারজন জ্যেষ্ঠ স্টাফ নার্স (সেবিকা), দুজন ফার্মাসিস্ট ও একমাত্র অ্যাম্বুলেন্সটির চালক চলে গেছেন। দুজন অন্যত্র বদলি হয়ে গেছেন। এখনো কর্মরত আছেন ২১ জন।হাসপাতালের আরএমও মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ছয়-সাত মাস ধরে বেতন-ভাতা বন্ধ। নেই চাকরির নিশ্চয়তা। এর পরও তাঁরা সেবা কার্যক্রম টিকিয়ে রাখতে পেরেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তার কারণে। বছরের পর বছর দামি দামি সব যন্ত্রপাতি অব্যবহূত পড়ে থাকায় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান আরএমও।