চরে আর হাঁটবেন না তিনি
মিরাজুল ইসলাম বলেছিলেন, আর বদলির আবেদন করবেন না। শেষ পর্যন্ত তাঁর কথাই সত্যি হলো। পদ্মা নদীর ধু ধু বালুচরে আর হাঁটতে হবে না তাঁকে। মিরাজুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১০ মার্চ তিনি মারা গেছেন।
গত বছরের ২৩ এপ্রিল পদ্মা নদী পার হতেই ঝড়বৃষ্টির দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে চরে কথা হয়েছিল মিরাজুল ইসলামের সঙ্গে। বদলি প্রসঙ্গ তুলতেই তিনি বলেছিলেন, ‘মানুষের কাছে আবেদন করে লাভ নেই। আল্লাহর কাছে করেছি।’
পরে ২ সেপ্টেম্বর তাঁকে নিয়ে প্রথম আলোয় ‘পদ্মার বালুচরে হেঁটে হেঁটে ১৮ বছর...’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফীসা বেগম তাঁকে বদলি করে চর থেকে ওপরের কোনো বিদ্যালয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রতিবছর জানুয়ারি মাসে বদলির কাজ হয়। নফীসা বেগম বলেছিলেন, জানুয়ারি পর্যন্ত আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখুন। তবে এবার উপজেলা নির্বাচনের জন্য বদলির মৌসুমটা পিছিয়ে দেওয়া হয়। গতকাল বুধবার তাঁর দপ্তরে শিক্ষক মিরাজুলের বদলির খবর জানতে গেলে তিনি বলেন, মিরাজুল আর নেই। গত ১০ মার্চ তিনি মারা গেছেন। তাঁরা এখন তাঁর পেনশনের কাগজপত্র ঠিক করছেন। তাঁর ছেলে-মেয়েদের কারও পড়াশোনা শেষ হয়নি। তাঁদের আয়-রোজগারের কোনো পথ নেই। মিরাজুলের স্ত্রীও বেঁচে নেই।
মিরাজুল ইসলামের বাড়ি রাজশাহী নগরের মহিষবাথান উত্তপাড়া মহল্লায়। প্রতিদিন তিনি এক থেকে সোয়া ঘণ্টা পদ্মা নদীর বালুচরের ভেতর দিয়ে হেঁটে এবং দুবার খেয়া পার হয়ে বিদ্যালয়ে যেতেন। ১৮ বছর ধরে ঘুরেফিরে তাঁকে পবা উপজেলার এক চর থেকে আরেক চরেই বদলি করা হয়েছে। চর থেকে তিনি আর উঠে আসতে পারেননি।
গত বছর প্রথম আলোকে মিরাজুল ইসলাম বলেছিলেন, কতবার বদলির আবেদন করেছেন, তার হিসাব দিতে পারবেন না। ২০১১ সালে স্ত্রী মারা যাওয়ার পর খুব করে বদলিটা চেয়েছিলেন। ছেলে-মেয়ের সুবিধা হতো, কিন্তু হয়নি।