চরে মিষ্টিকুমড়ার খেত পরিদর্শনে উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদের বালুচরে উৎপাদিত বাণিজ্যিক মডেলের মিষ্টিকুমড়ার খেত পরিদর্শন ও ভূমিহীন পরিবারের মধ্যে নিউট্রিশনের প্যাকেজ বিতরণ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহমেদ। গতকাল সোমবার দুপুরে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকার রমনার চরে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের উদ্যোগে ভূমিহীনদের উৎপাদিত মিষ্টিকুমড়ার খেত ঘুরে দেখেন তিনি।
এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আনোয়ারুল হক, প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর ড. হাসানুজ্জামান ও প্রফেসর ড. ফরহাদ হোসাইন, প্র্যাকটিক্যাল অ্যাকশনের নিউট্রিশন ম্যানেজার হাবিবুর রহমান ও ম্যানেজার নির্মল চন্দ্র ব্যাপারী উপস্থিত ছিলেন।
পরে রমনা বাঁধ এলাকায় জেলায় ভূমিহীন ২৫০০ পরিবারের ১১ হাজার ২৫০ জন সদস্যের মধ্যে নিউট্রিশনের প্যাকেজ বিতরণকাজের উদ্বোধন করেন।
চলতি অর্থবছরে প্র্যাকটিক্যাল অ্যাকশন তার সহযোগী সংগঠন ইউডিপিএসের মাধ্যমে ইউএসএআইডির সহায়তায় সিকিউরিং ওয়াটার ফর ফুড প্রকল্পের আওতায় ৯৯৬ ভূমিহীন দরিদ্র কৃষক রংপুর ও কুড়িগ্রাম জেলায় ২৫৮ হেক্টর পতিত বালুচরে অংশগ্রহণভিত্তিক বাণিজ্যিক মডেলে মিষ্টিকুমড়া উৎপাদন করছে। এ ছাড়া ইউকেএইড ফান্ডের সহায়তায় পাম্পকিন অ্যাগেইনস্ট পোভার্টি প্রকল্পের আওতায় ২১০১ জন ভূমিহীন দরিদ্র কৃষক রংপুর ও কুড়িগ্রাম জেলায় ২০০ হেক্টর বালুচরে মিষ্টিকুমড়া উৎপাদন করছে।
মিষ্টিকুমড়ার খেত পরিদর্শন করে উপাচার্য কামাল উদ্দিন আহমেদ বলেন, তিস্তা ও ব্রহ্মপুত্র এলাকায় বালুর নিচে চাষ করার যে পদ্ধতি সেটি কার্যকর হয়েছে। এটি সর্বজনীন একটি পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য। এই পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের ১ লাখ ৮০ হাজার হেক্টর চরের বালুময় জায়গা কাজে লাগানো সম্ভব। এসব এলাকায় যারা ভূমিহীন তাদের কাজে লাগাতে পারলে দেশের ১২০ কোটি টাকা আয়ের একটি পথ তৈরি হবে।