দেশের চরাঞ্চলে বসবাসরত ৬০ লাখেরও বেশি মানুষের জন্য স্থায়ীত্বশীল জীবিকা ও মর্যাদাপূর্ণ জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে ৩৯ দফা দাবি ঘোষণা করেছে প্রথম চর সম্মেলন জাতীয় কমিটি।
গতকাল রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে ‘চরাঞ্চলে ছড়িয়ে পড়ুক উন্নয়নের আলো’ শীর্ষক স্লোগান সামনে রেখে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি ৮০টিরও বেশি সংগঠনের প্রতিনিধি, গবেষক, উন্নয়নকর্মীসহ বিভিন্ন চর এলাকার এক হাজারেরও বেশি লোক অংশ নেন।
সম্মেলনের সমাপনী অধিবেশনে ঘোষিত উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে চরাঞ্চলের শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য বিশেষ মানের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া, নিরাপদ পানি ও স্যানিটেশনের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলা এবং এর প্রতিকার সম্পর্কে চরের মানুষকে সচেতন করা, চরাঞ্চলের জন্য বিশেষ ভূমি জরিপ সম্পন্ন করা, ভৌগোলিক ভিন্নতাকে বিবেচনায় নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ পুনর্বিন্যাস করা, চরে আবাদ উপযোগী উন্নত বীজ এবং এর উৎপাদনপ্রক্রিয়া সম্পর্কে চরের মানুষকে অবহিত করা, কৃষিতে ভর্তুকি বাড়ানো, কর্মক্ষম মানুষের দক্ষতা বিকাশ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া।
উদ্বোধনী অধিবেশনে প্রথম চর সম্মেলন জাতীয় কমিটির চেয়ারপারসন খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, আমাদের সামষ্টিক অর্থনীতির উন্নয়ন ভালো। কিন্তু তার সুফল স্থানীয় পর্যায় পর্যন্ত সেভাবে পৌঁছাচ্ছে না। চরাঞ্চলের মানুষ এ ক্ষেত্রে আরও বেশি বঞ্চিত তাঁদের অধিকার সুরক্ষায় তাই একটি বিশেষ চর কমিশন গঠনের প্রস্তাব করেন তিনি। চরাঞ্চলের পিছিয়ে যাওয়া মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে এ সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘চরের মানুষেরা শুধু বিচ্ছিন্ন নয়, তারা দুর্বলও বটে। এই সম্মেলনের ভেতর দিয়ে তারা নিজেদের সংগঠিত করার সুযোগ পাবে।’
উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘চরের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জোরদার করতে হবে।’
আর সমাপনী অধিবেশনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সম্মেলনটিকে ‘ব্যতিক্রমী’ আয়োজন হিসেবে আখ্যায়িত করেন।
সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনসহ ছয়টি বিশেষ অধিবেশনে ১৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।