চরের মানুষের বন্ধু ভাসমান হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা যেসব এলাকায় পৌঁছায় না অথবা কম পৌঁছায় তার মধ্যে আছে চরাঞ্চল, হাওর, উপকূল ও পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা এবং ছিটমহল। চরাঞ্চলের মানুষ তীব্র অপুষ্টির শিকার। পরিবার পরিকল্পনা সেবা নেই বলে সেখানে প্রতি পরিবারে শিশুর সংখ্যা বেশি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন চরে সেবা পৌঁছানোর উপায় খুঁজছে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান সামস-এল-আরেফিন বলেন, চরের মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ হাসপাতাল। সরকার ফ্রেন্ডশিপের অভিজ্ঞতা নিজেদের মতো করে কাজে লাগাতে পারে।চিলমারী থেকে পাকা রাস্তা ব্রহ্মপুত্রের পাড়ে এসে হঠাৎই যেন শেষ হয়। জায়গাটির নাম রমনা। কনকনে শীত। উত্তরের হাঁড় কাপানো বাতাস। কুয়াশার কাছে হার মেনেছে সূর্য। রোদ শরীরে লাগে না। ভাসমান হাসপাতালের কথা জিজ্ঞেস করতেই অনেকে আঙুল উচিয়ে দেখান: ‘ওই-ই দিকে’। দেখা যায় না কিছুই।ছোট-বড় সাতটি নৌযান নিয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের বহর ভিড়ে আছে শাখাহাতির চরে। ব্রহ্মপুত্রের এই চর কুড়িগ্রামের চিলামারী উপজেলায় অবস্থিত। মূল হাসপাতালটি বড় একটি জাহাজে। শাখাহাতি গ্রামের মো. মহুবর বললেন, গ্রামে কোনো ডাক্তার নেই। কমিউনিটি ক্লিনিকের কথা জিজ্ঞাসা করলে বলেন, এ রকম কোনো কিছুর নাম শোনেননি। ডাক্তারের কাছে যাওয়ার দরকার হলে, নৌকা জোগাড় করতে হয়। যাত্রা শুরুর ঘণ্টা খানেক পরে চিলমারী পৌঁছালে ডাক্তারের দেখা মেলে। গভীর রাতের প্রসঙ্গ তুলতেই সবকিছু ওপরওয়ালার ইচ্ছার ওপর ছেড়ে দেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের ৪ নম্বর মনতলা ওয়ার্ডের সদস্য সাজু মিয়া বললেন, সরকারি কোনো চিকিৎসক এলাকায় আসেন না। পরিবার পরিকল্পনা কর্মীরাও আসেন না। এলে ঘরে ঘরে এত শিশু জন্মাতো না। বাড়ির কাছে ‘ফ্রেন্ডশিপ’ জাহাজ থাকায় অনেক উপকার হচ্ছে।সাজু মিয়া বা মহুবরের মতো চরের বহু মানুষের স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এই ভাসমান হাসপাতাল। এই হাসপাতাল জ্বরের ওষুধ দেয়। চোখের ছানি কাটে। ‘মেয়েলি’ রোগে নারীদের সাহায্য করে। জরুরি প্রসূতিসেবায় দ্রুতগামী নৌযানে করে রোগী শহরের হাসপাতালে নিয়ে যায়। পরিবার ছোট রাখতে পরামর্শ দেয়। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী দেয়। কিসে পুষ্টি হবে সে কথা শেখায়। এত কিছু সেবার বিনিময়ে তারা কোনো টাকা নেয় না। শুধু রোগী প্রথমবার দেখার সময় পাঁচ টাকা নিবন্ধন ফি নেয়।হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘আমাদের অবস্থান নদীর পানি আর আবহাওয়ার ওপর নির্ভর করে।’ জাহাজটি শাখাহাতির চরে আছে ২৬ আগস্ট থেকে। এই চরে আসার আগে জাহাজটি ছিল বজ্রদিয়ারখাতা এলাকায়। তার আগে নাওশীলা এলাকায়। তারও আগে সিরাজগঞ্জে। ২০০৯ সালের ২৭ অক্টোবর সাভারের কাতলাপুর থেকে ফ্রেন্ডশিপ হাসপাতালের যাত্রা শুরু হয়। এ বহরে সবসময় দুজন চিকিৎসক, দুজন সেবিকা, প্যারামেডিক একজন, একজন দন্ত চিকিৎসক ও একজন চক্ষু চিকিৎসক আছেন। এ ছাড়া আছেন একজন করে স্বাস্থ্য প্রশিক্ষক, জ্যেষ্ঠ ফার্মাসিস্ট ও মেডিকেল তথ্য কর্মকর্তা। এ ছাড়া ল্যাবরেটরিতে কাজ করেন দুজন। এর বাইরে প্রায় প্রতি মাসে বিদেশি চিকিৎসকের দল কোনো না কোনো ক্যাম্প করে।কর্তৃপক্ষ জানায়, নভেম্বর ২০০৮ থেকে নভেম্বর ২০১০ পর্যন্ত এই হাসপাতাল থেকে এক লাখ ৩৬ জন রোগী সেবা নিয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্রোপচার হয়েছে দুই হাজার ৫২৩টি।শাখাহাতির চরে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছে এমন প্রতিটি নারী-পুরুষ এই হাসপাতালের প্রশংসা করেছেন। এর প্রয়োজনীয়তার কথা বলেছেন।জাহেদা পারভীন স্বাস্থ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। চরের মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সাধারণ জ্ঞান দেওয়া এবং পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। জানালেন, গর্ভবতী মায়ের সেবা বা প্রসূতি মায়ের যত্নের বিষয়ে চরের মানুষের সঙ্গে কথা বলেন। জ্বর, সর্দি, কাশিতে করণীয় বলে দেন। এখানে স্থায়ী বন্ধ্যাকরণের কোনো আয়োজন নেই। তিনি জন্ম নিয়ন্ত্রণের জন্য নারীদের মধ্যে খাওয়ার বড়ি বিলি করেন। ভাসমান এই হাসপাতালে শুধু শাখাহাতির চর বা আশপাশের চরের মানুষ সেবা নিচ্ছে না, বহু দূরের জেলার মানুষও এখানে সেবা নিতে আসছে। শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে ময়েজ উদ্দিন এসেছেন চোখের সমস্যা নিয়ে। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মালেকা বেগম এসেছেন স্ত্রীরোগ নিয়ে। গাইবান্ধার সাঘাটা উপজেলার তৌফিক আহমেদ হাতে অস্ত্রোপচার করিয়েছে। নবম শ্রেণীর এই ছাত্র জানায়, ছয় মাস বয়সে তার হাত পুড়ে যায়। ২০০৬ সালে এই প্রতিষ্ঠানের লাইফবয় হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের মুঠোফোন নম্বর রেখে দিয়েছিল। সে এখন ফলো-আপ চিকিৎসার জন্য এসেছে।দূর থেকে সেবা নিতে আসা রোগীদের জন্য চরে অস্থায়ী দুটি বড় ঘর তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীরা নিজেদের খরচে রান্নার ব্যবস্থা করে। ছোট দুটি দোকানও আছে। সূর্য অস্ত যাওয়ার আগেই জেলেরা বড় এক ঝুড়ি কাচকি মাছ নিয়ে হাজির হন। চরের মানুষ আর রোগীরা সেই মাছ কিনে নেয় প্রতি থালা ১০ টাকা দামে। ভাসমান জাহাজ কর্তৃপক্ষও কেনে এক প্লেট। আঁধার নামে, শীত আরও গাঢ় হয়। কিন্তু তখনো রোগী দেখা শেষ হয় না।