চরের শিশুদের জন্য সাত বন্ধুর পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহেল রানা। বয়স ১২ বছর। শিক্ষার হাতে-খড়ি নিচ্ছে শিক্ষক সুমি আক্তারের কাছে। পাঠশালায় আদর্শলিপি শেষ করে নিজের নাম লিখতে শুরু করেছে সে। তার মতো রিপা আক্তার, নাঈম হাওলাদার, বিউটি বেগম, মেহেদি হাসানসহ ২৯টি শিশু ছোট্ট একটি ঘরে হাতে-খড়ি নিচ্ছে। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।

এরা সবাই চর দুর্গাপাশার শিশু। পাঠশালার শিক্ষার্থীরা দুর্গাপাশা ইউনিয়নের বাসিন্দা। পাঠশালাটি বরিশাল মহানগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বাকেরগঞ্জ উপজেলায়। দুর্গাপাশা ইউনিয়ন থেকে নদীপথে ট্রলারে করে দেড় ঘণ্টা পাড়ি দিয়ে পৌঁছাতে হয় পাঠশালায়। ভোলা-বরিশালের মাঝ দিয়ে বয়ে যাওয়া তেঁতুলিয়া নদীতে জেগে ওঠা চরে বাস করে হাতে-খড়ি নেওয়া শিশুরা।

সরেজমিনে দেখা গেছে, চর দুর্গাপাশার চারদিকে নদী। তিন শতাধিক বাসিন্দা থাকে এই চরে। গাছপালা, বাড়িঘর সবই আছে। বিশুদ্ধ পানি পান করার একটি নলকূপ আছে। নেই রাস্তাঘাট আর শিক্ষাপ্রতিষ্ঠান। চরের সবাই মাছ ধরা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় বয়স হয়ে গেলেও শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

চরের বাসিন্দা বাবুল হাওলাদার বলেন, এই চরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। বিদ্যালয়ে যেতে হলে দেড়-দুই ঘণ্টা নদী পাড়ি দিতে হয়। কিন্তু সেখানে আসা-যাওয়ার যানবাহন নেই। নেই আর্থিক সংগতিও। তাই কেউ পড়াশোনা করতে পারত না। বর্তমানে পাঠশালায় হাতে-খড়ি দেওয়ার ব্যবস্থা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর ওই চরে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন কলেজপড়ুয়া কয়েকজন যুবক। তাঁরাই চরের শিশুদের জন্য বই কিনে দিয়েছেন। পাঠদানের জন্য সামান্য পারিশ্রমিকের বিনিময়ে শিক্ষক নিয়োগ করেছেন। নিজেদের টিউশনির টাকা বাঁচিয়ে ওই শিশুদের জন্য কাজ করছেন তাঁরা।

সুমি আক্তার এই চরের একমাত্র শিক্ষিত নারী। দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন। প্রতিদিন দুই ঘণ্টা করে চরের ৩০টি শিশুকে আদর্শলিপি পড়াচ্ছেন তিনি। এর জন্য ১ হাজার টাকা পারিশ্রমিক পান সুমি।

পাঠশালার শিক্ষার্থী বিউটি আক্তারের মা রেনু বেগম বলেন, পড়াতে তো ইচ্ছা করত। কিন্তু চরে পড়ালেখার সুযোগ ছিল না। এখন পাঠশালা হয়েছে। সেখানে পড়ছে।

চরে পাঠশালা প্রতিষ্ঠার কারিগরদের একজন সুমন চন্দ্র দাস। সুমন বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। তিনি বলেন, দুর্গাপাশা ইউনিয়নে অব্যাহত নদীভাঙনে বিলীন হয়ে গেছে কয়েক হাজার পরিবার। তাঁদের একটা অংশ নদীতে জেগে ওঠা চরে বসতি স্থাপন করেছে। ওই চরটি দুর্গাপাশা ইউনিয়নের অংশ হলেও কোনো নাগরিক সুবিধা নেই। ওখানকার শিশুদের পাঠদানের একটা ক্ষুদ্র উদ্যোগ নিয়েছেন তাঁরা সাতজন মিলে। পাঠশালা তো হাতে-খড়ির কাজ। একটা স্থায়ী ব্যবস্থা হলে শিশুরা পরবর্তী পাঠদান চালিয়ে যেতে পারত।

শিক্ষক সুমি আক্তার প্রথম আলোকে বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত পড়েছি। ইচ্ছা থাকলেও আর পড়ার সুযোগ পাইনি। সামান্য শিক্ষা দিয়ে আরও কিছু শিশুকে আলোকিত করতে পারছি। এটা একধরনের আনন্দের কাজ। তবে পাঠশালার পর কোথায় পড়তে যাবে ওরা, সেটা ভাবছি।’

দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল বাশার শিকদার প্রথম আলোকে বলেন, ‘কলেজপড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে পাঠশালা হয়েছে। চেয়ারম্যান হিসেবে আমি নতুন। আমার সাধ্য অনুযায়ী চরের ওই বাসিন্দাদের, বিশেষ করে শিশুদের শিক্ষার জন্য চেষ্টা করব।’