চর্চার অভাবে চাকমা বর্ণমালা বিপন্নপ্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমারা নিজেদের বলে ‘চাঙমা’। তাদের ভাষার সঙ্গে বিস্তর মিল আছে বাংলা ভাষার। চাকমাদের নিজস্ব বর্ণমালা, এমনকি অভিধানও আছে। আছে চাকমা ভাষায় রচিত উপন্যাস (বাংলা বর্ণমালায়)। পাহাড়ি জনপদের এই আদিবাসীরা আজ ছড়িয়ে পড়েছে সমতলে। সমতলের মানুষের সঙ্গে মিশতে গিয়ে ও জীবিকার তাগিদে তাদের অন্য ভাষা রপ্ত করতে হচ্ছে।চাকমাদের মধ্যে শিক্ষিত শ্রেণীর মানুষ নিজেদের ভাষা ও বর্ণমালা তেমন একটা ব্যবহার করে না। এমনকি চাকমা ভাষায় যারা সাহিত্যের চর্চা করেন, তাঁরাও চাকমা বর্ণমালা ব্যবহার না করে কবিতা, প্রবন্ধ, নাটক বাংলা বর্ণে লেখেন। এ অবস্থায় পার্বত্য অঞ্চলে চাকমারা সবচেয়ে অগ্রসর ও সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তাদের বর্ণমালা আজ বিপন্নপ্রায় বলে অনেকে মনে করেন।২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, তিন পার্বত্য জেলায় প্রায় সাড়ে চার লাখ চাকমা বাস করে। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘ব্যবহারিক ক্ষেত্র যদি তৈরি করা না যায়, তাহলে সেই ভাষা মানুষ শিখবে কেন? এর জন্য দরকার সরকারি উদ্যোগে আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু করা।’চাকমা ভাষায় দুটি পত্রিকা বের হয়। একটি মাসিক, নাম আবাংপাঙ। মাঝেমধ্যে জুনিপহ্র নামে একটি সাহিত্য পত্রিকাও বের হয়। কিন্তু পত্রিকা দুটি বাংলা বর্ণমালায় ছাপা হয়। আবাংপাঙ-এর সম্পাদক শুভাশীষ চাকমা বলেন, চাকমা বর্ণমালায় পত্রিকা বের করলে পড়ার কেউ নেই।রাঙামাটির উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্র চাকমা বলেন, শিক্ষিত চাকমাদের মধ্যে তিন-চার শতাংশের নিজেদের বর্ণমালা সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে। সরকারিভাবে বাধ্যবাধকতা আরোপ করা হলে চাকমা ভাষা ও বর্ণমালার চর্চা হবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, চাকমা বর্ণমালা এখন বিপন্নপ্রায়।বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, শুধু চাকমা নয়, আদিবাসী ভাষাগুলো বিপন্ন না হলেও বিপদাপন্ন অবস্থায় বিবেচনা করে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অতিরিক্ত একটি বিষয় আদিবাসী শিশুদের পড়ানো হবে।