চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে বৈচিত্র্যময় সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত উৎসবে অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া বিশিষ্টজনেরা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত উৎসবে অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া বিশিষ্টজনেরা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

নিয়মিত চর্চার অভাবে পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। পাহাড়ি জনগোষ্ঠীগুলোর সাংস্কৃতিক ঐতিহ্যকে জাগিয়ে তুলতে গতকাল সোমবার বিকেলে বান্দরবানে হয়ে গেল ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক উৎসব’। এতে বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর সংস্কৃতির পাশাপাশি বাঙালির লোকজ সংস্কৃতিকেও তুলে ধরা হয়।

বান্দরবান জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল শফিকুল ইসলাম, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা, ত্রিপুরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যহা পানজি ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংয়ং ম্রো।

উৎসবে মারমাদের পাংখুং গান, ত্রিপুরাদের গড়াইয়া নাচ, চাকমাদের গেংহুলি গীত পরিবেশন করা হয়। এ ছাড়া বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। উৎসবে পাহাড়ি জাতিগোষ্ঠীর পাঁচজন বরেণ্য লোকশিল্পীকে সাংস্কৃতিক সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন অংশে মারমা, ক্যচিংমং মারমা, গোবিন্দ্র ত্রিপুরা, সাপতন বম ও রোলেং ম্রো।

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে পাহাড়ি জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির আধার। চর্চার অভাবে সাংস্কৃতিক বৈচিত্র্যের অনেক কিছু হারিয়ে যাচ্ছে। সেগুলোকে তুলে আনতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতিকে সমৃদ্ধ করতে আরও বেশি চর্চার সুযোগ ও পরিবেশ সৃষ্টি করতে হবে। কিন্তু সবার আগে দরকার শান্তি। এ জন্য প্রত্যেকে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শান্তিশৃঙ্খলা ভঙ্গকারীদের প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পাহাড়ের জাতিগোষ্ঠীগুলোকে শিক্ষায় অগ্রসর হতে হবে। শিক্ষিত হলে ও চর্চার পরিবেশ থাকলে সংস্কৃতির বিকাশ ঘটবে।

উৎসবে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, চাকসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর স্টল ছিল। এসব স্টলে ঐতিহ্যবাহী পোশাক, বর্ণমালা, ব্যবহৃত সামগ্রীসহ নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরা হয়। উৎসবকে ঘিরে পিঠা মেলারও আয়োজন করা হয়।