চর্মবিজ্ঞান এখন চিকিৎসাশাস্ত্রের গুরুত্বপূর্ণ শাখা
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, চর্মবিজ্ঞান বর্তমানে চিকিৎসাশাস্ত্রের একটি বড় শাখা। এই চিকিৎসায় পারদর্শী হয়ে অনেকেই সৌন্দর্যবৃদ্ধির কাজ করছেন। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে।
আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে চর্মরোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। অ্যাসোসিয়েশন অব কিউটেনাস সার্জনস বাংলাদেশ (এসিএসবি) এই পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এতে ব্রণ, চুল পড়ে যাওয়া, নখের রোগের আধুনিক চিকিৎসা হাতে-কলমে দেখানো হয়।
উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় মনে হয়নি ডারমাটোলজি (চর্মবিজ্ঞান) গুরুত্বপূর্ণ বা বড় কোনো বিষয়। কিন্তু এখন মনে হচ্ছে, এটা অনেক বড় বিষয়। এরও অনেক নতুন নতুন শাখা আছে।’ তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, ডারমাটোলজিকে পাঠ্যসূচিতে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার চেষ্টা তিনি করবেন।
আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক সৈয়দ আফজালুল করিম বলেন, দেশি-বিদেশি ২৫০ জনের বেশি চিকিৎসক এ সম্মেলনে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশিষ্ট চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সামসুল আজমকে মরণোত্তর সম্মাননা জানানো হয়।
এর আগে কারিগরি অধিবেশনে ভারতের রাজেথা ডামিসেঠী চুল পড়া রোগের আধুনিক চিকিৎসা নিয়ে বক্তব্য রাখার সময় বলেন, ডেন্টাল সার্জন থেকে প্লাস্টিক সার্জন, এমবিবিএস চিকিৎসক থেকে বিউটিশিয়ান—সবাই সৌন্দর্যবৃদ্ধি চুলের চিকিৎসা দিতে চান। মাথায় চুলের পরিমাণ বাড়ানোর আধুনিক পন্থা নিয়ে তিনি আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন চর্মরোগ বিশেষজ্ঞ এম ইউ কবির চৌধুরী।
বেসরকারি প্রতিষ্ঠান লেজার ট্রিটের প্রধান কনসালট্যান্ট সরকার মাহবুব আলম শামীম, চামড়ার ভাঁজ দূর করা উপায় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আর ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক মানস চ্যাটার্জি বক্তব্য দেন নখের রোগ চিকিৎসা নিয়ে।