চর্মরোগকে অবহেলা করার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি রেস্টুরেন্টে গতকাল দুপুরে টেলিডার্মাটোলজি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে আলোচকদের সঙ্গে সনদপ্রাপ্ত চিকিৎসকেরা l ছবি: প্রথম আলো
রাজধানীর একটি রেস্টুরেন্টে গতকাল দুপুরে টেলিডার্মাটোলজি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে আলোচকদের সঙ্গে সনদপ্রাপ্ত চিকিৎসকেরা l ছবি: প্রথম আলো

চর্মরোগের সঙ্গে প্রায় সাড়ে চার হাজার রোগের যোগসূত্র আছে কিংবা এটি বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জানান দেয়। তাই চর্মরোগকে অবহেলা করার সুযোগ নেই। তবে এমবিবিএস পাস করেও চিকিৎসকেরা এ বিষয় সম্পর্কে খুব বেশি জানতে পারছেন না। অথচ প্রায় ৪০ ভাগ রোগীই আসে চর্মরোগসংক্রান্ত সমস্যা নিয়ে। তাই অনেক ক্ষেত্রেই ভুল চিকিৎসা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে টেলিডার্মাটোলজি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের আলোচক বক্তারা এ কথা বলেন।
গতকাল ফাউন্ডেশন ডার্মাটোলজি অনলাইন সার্টিফিকেট কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ কোর্সে দেশের বিভিন্ন এলাকার নবীন ও প্রবীণ চিকিৎসকেরা অংশ নেন। ফাউন্ডেশনের সরকারি অনুমোদন পেতে কিছুটা সময় লাগায় গতকাল তিনটি ব্যাচের শিক্ষার্থীদের সনদ একসঙ্গে দেওয়া হয়। দেড় বছর আগে ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের হাত থেকে সনদ নেন চিকিৎসক মোফাজ্জল হোসেন মিয়া। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র। বয়স ৬৫ বছর। তিনি ছয় মাসব্যাপী ডার্মাটোলজি অনলাইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।