চর্যাপদ প্রকাশের শত বর্ষপূর্তি উৎসব শুরু
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের শত বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম। ‘চর্যা সহজিয়া’ নামের সখীপুরের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। এ ছাড়া আলোচনায় অংশ নেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ আলীম মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ।
‘বাঙালির আদি পরিচয় সংগীতে’—এ প্রতিপাদ্য নিয়ে বেলা সাড়ে তিনটায় প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাহমুদ দিদার। টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ শরিফা রাজিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মোজাহিদ বিল্লাহ ফারুকী, সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের প্রধান কামরুজ্জামান সরকার।
তিন দিনব্যাপী উৎসবে থাকবে চর্যাপদ নিয়ে আলোচনা, চর্যাবিষয়ক প্রবন্ধ, চর্যাপদ থেকে আবৃত্তি, চর্যানৃত্য ও চর্যাগান পরিবেশনা।