চলচ্চিত্র অভিনেতা আদিল আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিল
আদিল

চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম আদিল (৭০) আর নেই। নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাড়িতে গত শনিবার রাত ১২টার দিকে তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতা আদিল স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর স্থানীয় মসজিদে জানাজা নামাজের পর তাঁকে মাসদাইরে পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
অভিনেতা আদিল ছাত্রজীবন থেকে মঞ্চে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের নাটকে অভিনয় করেছেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। অভিনয়ের পাশাপাশি তিনি আইন পেশায়ও সক্রিয় ছিলেন।
১৯৭৬ সালে মুক্তি পাওয়া বাহাদুর ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় আদিলের। নসীব, নীলিমা ও উছিলা ছবিতে অভিনয় করে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরবর্তী সময়ে আকাশনীলা, তিন টেক্কা, রাজদুলারী, চাচ্চু ও হনুমানের পাতাল বিজয়সহ তিন শতাধিক ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল ছবি কোটি টাকার কাবিন ছিল তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র।