চলচ্চিত্র উত্সবে শিশুদের সঙ্গে জাফর ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতই বা হবে তাদের বয়স? কারও দশ, কেউবা বারো-চৌদ্দ বছরের। মনে অনেক প্রশ্ন। কাছে পেয়েছে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে। একজন ছেলে, তারপর একজন মেয়ে—এভাবেই একজনের পর একজন প্রশ্ন করছে তাঁকে। তিনি বেশ মজা করেই কৌতূহল মেটাচ্ছিলেন শিশুদের। জাফর ইকবাল বিরতিহীনভাবেই প্রায় দুই ঘণ্টা ধরে সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। আজ শুক্রবার সপ্তাহব্যাপী উত্সবের শেষ দিন। গত ২৩ জানুয়ারি উত্সব শুরু হয়েছিল। আজ সমাপনী অনুষ্ঠান হবে সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারে।গতকাল বৃহস্পতিবার বিকেলে তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শিশু চলচ্চিত্রকার এবং ঢাকার বাইরে থেকে উত্সবে অংশ নেওয়া মোট ১২৫ জন শিশুর সঙ্গে মতবিনিময় করেছেন জননন্দিত লেখক জাফর ইকবাল। কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় অনুষ্ঠানে ১০ জন সুবিধাবঞ্চিত শিশুও অংশ নেয়।শুরুতেই জাফর ইকবাল নিজের জীবনের কিছু ঘটনা তুলে ধরেন। রক্ত দান করার যে আনন্দ, তা জানান। ‘পৃথিবীতে সবচাইতে কী বেশি সুন্দর?’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বৈচিত্র্য। যেমন লাল আছে, তেমনি আছে সবুজ রং; যেমন আছে রাগী মানুষ, আবার আছে হাসিখুশি মানুষও।’এক শিশু জানতে চাইল, আপনি কি আপনার ছেলেমেয়েকে পেটান? বারবার বলেন, পড়তে বস, তাড়াতাড়ি পড়?’জাফর ইকবাল বললেন, ‘না। আমি কখনোই ছেলেমেয়েকে পেটাইনি। আর ওদের পড়ার জন্যও বলতে হয় না। ওরা নিজের থেকেই পড়াশোনা করেছে ভালোভাবেই।’নিজের লেখা উপন্যাস নিয়ে নাটক ও সিনেমা নির্মাণ সম্পর্কে তিনি বলেন, ‘যারা আমার লেখা কাহিনি নিয়ে নাটক বানায়, সেটা যখন টেলিভিশনে প্রচারিত হয়, তখন তোমরা কেউ সেটা দেখবে না। টেলিভিশনটি বন্ধ করে দেবে। কারণ আমার কাছ থেকে কেউ অনুমতি নিয়ে সেটি বানায় না। তাই আমি নিজেও সেটি দেখি না। তোমরা কেন দেখবে? সিনেমা সারা দুনিয়ায় অনেক বড় গণমাধ্যম। যাঁরা ভালো ছবি বানান, তাঁরা হয়তো আমার কাছে অনুমতি চাইলে সেটা দিই বা দেব।’‘পরিবারের কাকে বেশি ভালোবাসেন আপনি?’ প্রশ্ন শুনে জাফর ইকবাল হাসলেন। বললেন, ‘পরিবারের সবাইকে আমি ভালোবাসি। বোনের বাচ্চাকে ভালোবাসি, ভাই আহসান হাবীবের বাচ্চাটিকে পছন্দ করি। আমার বাচ্চাদের ভালোবাসি। স্ত্রীকে ভালোবাসি এবং আমার মাকে আমি অনেক ভালোবাসি।’এভাবেই প্রশ্ন-উত্তরের মধ্য দিয়ে শেষ হয় শিশুদের সঙ্গে জাফর ইকবালের মতবিনিময় অনুষ্ঠানটি।এদিকে গতকাল উত্সবে মোরশেদুল ইসলামের পুতুল বিয়ে এবং গোলাম রব্বানীর সহযাত্রী ছবি দুটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।ফরিদা পারভিনের গান, গাজী আবদুল হাকিমের বাঁশিবৃহস্পতিবার সন্ধ্যা। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের মাদুরপাতা মেঝেতে বসেছেন নানা বয়সের দর্শক। ফরিদা পারভিনের গান ও গাজী আবদুল হাকিমের বাঁশি শুনতে তাঁদের এই উপস্থিতি। ‘প্রাণের খেলা’ নামের বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এই অনুষ্ঠান।বৈঠকি ঢঙের এই আয়োজনে শ্রোতাদের স্বাগত জানালেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। ‘ও পাখিরে আয় দেখে যা’ গানটি দিয়ে ফরিদা পারভিন গানের পর্ব শুরু করেন। এর পরপর শোনালেন ‘যেদিন আপন হাতে পোষমানা পাখি ছাড়িয়া দিলাম,’ ‘ও নদীরে তোর কোনো কি ব্যথার দোসর নাই,’ ‘নিন্দার কাঁটা যদি,’ ‘বিধিরে তুই আমায় ছাড়া,’ ‘খাঁচার ভিতর অচিন পাখি,’ ‘মিলন হবে কত দিনে,’ ‘জাত গেল জাত গেল বলে,’ ‘তিন পাগলে হইল মেলা’সহ বেশ কিছু লালন ও লোকগীতি। গানের সঙ্গে গাজী আবদুল হাকিমের বাঁশির সুর শ্রোতাদের মাতিয়ে রেখেছিল প্রায় ঘণ্টাদুয়েক।কুষ্টিয়ায় জাগরণের গানকুষ্টিয়া প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার ‘জাগো বাঙালি জাগরণের গানে’ শিরোনামে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হলো সাড়াজাগানো গণসংগীতের অ্যালবাম ‘জাগরণের গান’-এর গানগুলো। প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ও বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাগরণের গানের শিল্পী, কুষ্টিয়া উদীচী শিল্পীগোষ্ঠীসহ কুষ্টিয়া ও কুমারখালী বন্ধুসভার সদস্যরা। জাগরণের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাগরণের গান পরিবেশন করেন জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের বিজন চন্দ্র মিস্ত্রি, রেজাউল করিম, দিদারুল করিম, অদৈত চন্দ্র রায় প্রমুখ। অনিক বসুর নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করেন বাবু, তোফায়েল, মৌরী, সেতু, মুন্নি প্রমুখ। ‘তীর হারা এ ঢেউয়ের সাগর,’ ‘মাগো ভাবনা কেন’ গান দুটি গেয়ে শোনান বন্ধুসভার সদস্য জাহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম।আজ থেকে শিল্পী কাজী গিয়াসউদ্দিনের ‘শান্তির সন্ধানে’বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার থেকে জাপানপ্রবাসী আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী কাজী গিয়াসউদ্দিনের ‘শান্তির সন্ধানে’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারুমিত্সু হিদা এবং দৈনিক প্রথম আলো র সম্পাদক মতিউর রহমান।গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়টি জানানো হয়। শিল্পী কাজী গিয়াসউদ্দিন ও বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪৭টি। আগামী ১১ ফেব্রুয়ারি ২০১০ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।