চলচ্চিত্রের বোদ্ধাদের নিয়ে একটি উপদেষ্টা কমিশন গঠনের সুপারিশ করেছেন চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল শনিবার মানবজমিন-এর আয়োজনে নিজস্ব কার্যালয়ে ‘সংকটে চলচ্চিত্রশিল্প, উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সরকারের কাছে এ সুপারিশ করা হয়। মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরীর উপস্থাপনায় এ বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, গুণী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর, সাংবাদিক আহমদ জামান চৌধুরী, রেজানুর রহমান প্রমুখ। মানবজমিন পরিবারের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক কে এম বাবর, আশরাফুল হক, যুগ্ম সম্পাদক সাযযাদ কাদির ও প্রধান বার্তা সম্পাদক মিলান ফারাবী। গোলটেবিল বৈঠকে এ শিল্পের সঙ্গে জড়িত নানাবিধ আলোচনায় চলচ্চিত্র উপদেষ্টা কমিশন গঠনের বিষয়টিও উঠে আসে। বক্তারা বলেন, চলচ্চিত্রের সঙ্গে জড়িত গুণীজনেরা আধুনিক চলচ্চিত্র সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ। তাঁরা বর্তমানের চলচ্চিত্রে যাঁদের ব্যাপক অবদান রয়েছে সেসব পরিচালক, শিল্পী, কলাকুশলী ও প্রযোজকদের নিয়ে চলচ্চিত্র উপদেষ্টা কমিশন গঠনের দাবি জানান। তাঁরা বলেন, কমিশন গঠনের পর এর সদস্যরা চলচ্চিত্র সৃজনশীলতার বিচার করবেন। কোন ধরনের চলচ্চিত্র মুক্তি দেওয়া হবে, পোস্টার প্রদর্শন ভালো-খারাপ—এসব বিচার-বিবেচনা এ কমিশনের সিদ্ধান্তেই হবে। এ ছাড়া এফডিসির নানা সমস্যা, সিনেমা হলের অস্বাস্থ্যকর পরিবেশ, দেশীয় চলচ্চিত্রের প্রতি ক্রমশ দর্শকবিমুখতার নানা কারণ এবং এসবের প্রতিকারবিষয়ক বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন বক্তারা। বিজ্ঞপ্তি।