চলচ্চিত্র নির্মাতা জিল্লুর রহমানের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র নির্মাতা জিল্লুর রহমান আর নেই। গত মঙ্গলবার রাত পৌনে আটটায় রাজধানীর আল-রাজী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান অসুস্থ হয়ে পড়লে সূত্রাপুরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর আলরাজী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জিল্লুর রহমান ১৯৪৮ সালের ১০ জুলাই ময়মনসিংহের ফুলপুর থানার কাজিয়াকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে মিস ললিতা, শুকতারা ও গরীবের ওস্তাদ।গতকাল বুধবার বেলা ১১টায় মালাকারটোলা মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়। জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক।