চলচ্চিত্র নীতিমালায় সংজ্ঞা স্পষ্ট না করলে নিয়ন্ত্রণ বাড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চলচ্চিত্র জগতের ব্যক্তি ও গবেষকেরা বলছেন, কিছু বিধিবিধান দেশের চলচ্চিত্রশিল্পকে আধুনিক হতে সাহায্য করবে। কিন্তু তাঁদের ভয়, কিছু বিধিনিষেধ অবাঞ্ছিত নিয়ন্ত্রণ ডেকে আনতে পারে। এ জন্য তাঁরা প্রস্তাবিত নীতিমালাটি পরিমার্জন করে আরও নমনীয় এবং কিছু বিষয়ে স্পষ্ট করে সংজ্ঞায়িত করতে বলেছেন।

 দীর্ঘদিনের চাওয়া অনুযায়ী নীতিমালা করা এবং সেন্সর-ব্যবস্থার পরিবর্তে চলচ্চিত্র সার্টিফিকেশন (সনদায়ন) ব্যবস্থা চালুসহ বেশ কিছু বিষয়কে তাঁরা ইতিবাচক বলছেন। গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পায় জাতীয় চলচ্চিত্র নীতিমালা, ২০১৭-এর খসড়া। তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, এখন সামান্য এদিক-ওদিক করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এই নীতিমালার আলোকে বিধিমালা করা হবে।

চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ প্রথম আলোকে বলেন, নীতিমালাটি হওয়া দরকার ছিল। কিন্তু এটিতে ‘এটা করা যাবে না, ওটা করা যাবে না’ ধরনের অনেক বিধিনিষেধের কথা বলা হয়েছে। নীতিমালায় এগুলো দেওয়ার দরকার ছিল না। কোনো কোনো বিষয় দেখে মনে হয়েছে, এগুলো সেন্সর-বিধিরই প্রতিফলন। তিনি মনে করেন, এটাকে আরও সংশোধন করতে হবে।

খসড়াটি পর্যালোচনা করে দেখা গেছে, চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও বিতরণের ক্ষেত্রে অনেকগুলো বিধিনিষেধ দেওয়া হয়েছে। বলা হয়েছে, চলচ্চিত্রে কোনোভাবে রাষ্ট্রবিরোধী ও জনস্বার্থবিরোধী বক্তব্য প্রচার করা যাবে না। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অখণ্ডতা ও সংহতি ক্ষুণ্ন হতে পারে এমন কোনো তথ্য, কাহিনি, দৃশ্য ও বক্তব্য চলচ্চিত্রে পরিবেশন ও প্রদর্শন করা যাবে না। ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় আঘাত সৃষ্টি করতে পারে, আইনশৃঙ্খলা ভঙ্গ করতে উৎসাহ দিতে পারে অথবা আইনশৃঙ্খলা ভঙ্গের প্রতি সহানুভূতি সৃষ্টি করতে পারে এমন কোনো কাহিনি, দৃশ্য ও বক্তব্য প্রদর্শন করা যাবে না। চলচ্চিত্রে সরাসরি কোনো ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না। সংলাপে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা পরিহার করতে হবে। একইভাবে জাতীয় আদর্শ ও উদ্দেশ্যের প্রতি কোনো প্রকার ব্যঙ্গ-বিদ্রূপ এবং বাংলাদেশের জনগণের জন্য অবমাননাকর এমন কোনো কাহিনি, দৃশ্য ও বক্তব্য চলচ্চিত্রে দেখানো যাবে না। কিন্তু এগুলোর পরিষ্কার সংজ্ঞা নেই।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রথম আলোকে বলেন, এই নীতিমালার ভালো-মন্দ নির্ভর করবে প্রয়োগের ওপর। প্রয়োগে যদি অসুবিধা করা হয়, তাহলে অবশ্যই তাঁরা এর পরিবর্তন চাইবেন।

চলচ্চিত্র বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, নীতিমালার ব্যাপারে তাঁরা বেশ কিছু মতামত দিয়েছিলেন। কিছু রাখা হয়েছে আবার অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে। কিছু শব্দ সংজ্ঞায়িত না করলে তা অপব্যবহার করে নিয়ন্ত্রণমূলক হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ধর্ষণ যেহেতু সমাজে আছে, সেখানে এটাকে একেবারে বাদ দেওয়া যাবে না। বরং কাহিনির প্রয়োজনে ধর্ষণ কিংবা শয্যাদৃশ্য প্রতীকী উপায়ে অবলম্বন করতে হবে অথবা দৃশ্যের ট্রিটমেন্ট এমনভাবে করতে হবে, যেন শরীরের অঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান না হয়।

চলচ্চিত্র সংসদগুলোর মোর্চা বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের মহাসচিব বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, এই নীতিমালায় নিয়মকানুনের কথা বেশি রাখা হয়েছে, যাতে নির্মাতা ও শিল্পীর স্বাধীনতা কমার আশঙ্কা থাকে। এটি আরও নমনীয় হওয়া উচিত ছিল।

সেন্সরের বদলে সার্টিফিকেশন

নীতিমালায় বিদ্যমান চলচ্চিত্র সেন্সর আইন বিলুপ্ত করে সরকারের ঘোষণা অনুযায়ী সৃজনশীলতার স্বাধীনতা নিশ্চিত করতে চলচ্চিত্র সার্টিফিকেশন (সনদায়ন) ব্যবস্থা প্রবর্তন করার কথা বলা হয়েছে। চলচ্চিত্রশিল্পকে টেকসই করতে কার্যকর পদক্ষেপ, চলচ্চিত্র সংরক্ষণ ও চলচ্চিত্রের ওপর গবেষণাকে গুরুত্ব দেওয়া, সব প্রেক্ষাগৃহে ই-টিকিটিংসহ সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণকে গুরুত্ব দেওয়া, ঢালাওভাবে না করে একটি কমিটির মাধ্যমে চলচ্চিত্র আমদানি করার বিধানসহ আরও বেশ কিছু বিষয়কে ইতিবাচক বলছেন চলচ্চিত্র জগতের ব্যক্তিরা।

নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নীতিমালা হচ্ছে এটা ইতিবাচক দিক। এখন এটাকে পরিমার্জন করে আরও ভালো করা যাবে। রাষ্ট্রবিরোধী, জনস্বার্থবিরোধী বিষয় থাকা যাবে না বলে নীতিমালায় যেসব বিধান আছে, সেগুলো নিয়ে তাঁরাও প্রশ্ন তুলেছিলেন। তখন সরকার তাঁদের বলেছে, নীতিমালার আলোকে আইন-বিধিমালা করার সময় এ বিষয়গুলো সংজ্ঞায়িত ও স্পষ্ট করা হবে। তিনি বলেন, যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে বা ভুল ব্যাখ্যার সুযোগ আছে, সেগুলোর বিষয়ে বিধিতে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।