চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী আর নেই
দেশের বিশিষ্ট চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী আর নেই। গতকাল সোমবার সকাল সাতটায় লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বাদ আসর লালমাটিয়া সি-ব্লক মসজিদে জানাজা শেষে আজিমপুর পুরোনো কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ মাগরিব তাঁর বড় ছেলে সৈয়দ ইমরান কিরমানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের ৬/৭ নম্বর বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে।সৈয়দ বজলে হোসেন কিরমানীর জন্ম ১৯৩৩ সালে পশ্চিমবঙ্গের বীরভূমে। পঞ্চাশের দশকে তিনি কলকাতা মুভি স্টুডিওতে চিত্রগ্রাহক হিসেবে কর্মজীবন শুরু করেন। গভীর নিষ্ঠা ও মেধায় তিনি বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চাকরি থেকে অবসর নিলেও কিরমানী বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, ফিল্ম আর্কাইভ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারক হিসেবে এবং বিশেষত বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন।তিনি ডিএফপিতে কাজ করার সময় বহু প্রামাণ্য, তথ্য ও প্রচারমূলক চলচ্চিত্র নির্মাণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র এক একর জমির জন্য ১৯৫৮ সালে তিনি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেন। এ ছাড়া কান্তজির মন্দিরের টেরাকোটা ও বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রসহ বেশ কিছু প্রামাণ্যচিত্রের জন্য তিনি আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার লাভ করেন।