চলচ্চিত্র সেন্সরে উদারতা দেখানোর সুপারিশ করেছে সংসদীয় উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশসহ বিদেশি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সেন্সরে উদারতা দেখানোর সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটি। তবে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ন রাখতে কোনো কিছু যেন অত্যধিক বাড়াবাড়ি বা অশ্লীলতার পর্যায়ে না পড়ে, সেটিও দেখার সুপারিশ করেছে কমিটি। গত মঙ্গলবার সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় দেওয়া উপকমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা নিয়ে অপর সংসদীয় উপকমিটির প্রতিবেদনও উপস্থাপন করা হয়। উপকমিটির প্রতিবেদনে সিনেমা হলের উন্নয়নে ছয় মাস থেকে এক বছর মেয়াদে ট্যাক্স হলিডে দেওয়ার সুপারিশ করা হয়েছে। সাংসদ রেজা আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের উপকমিটি গঠন করা হয়েছিল।প্রতিবেদনে বাংলা সিনেমা ও এফডিসি আধুনিকায়নে বেশ কিছু সুপারিশ ও পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, যদিও ফিল্ম সেন্সরশিপ আইনে আপাতদৃষ্টিতে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হয়নি। তবে আইনটি ১৯৬৩ ও ১৯৭৭ সালে তৈরি করা হয়েছে। এখন ২০১০ সাল। যুগের সঙ্গে পাল্লা দিয়ে দুনিয়া অনেক দূর এগিয়ে গেছে।