
চলচ্চিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম, যার আছে চিরন্তন ভাষা। এ কারণেই চলচ্চিত্রের মাধ্যমে মানবাধিকারের বিষয়গুলো সহজে তুলে ধরা যায়। মানুষের খাদ্য, বাসস্থান, শিক্ষাসহ যাবতীয় মৌলিক অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। পাশাপাশি চলচ্চিত্রগুলো মানবাধিকার লঙ্ঘনের দলিল হিসেবে কাজ করে।
‘চলচ্চিত্র ও অন্যান্য প্রচারমাধ্যমের মাধ্যমে মানবাধিকার প্রচার ও সুরক্ষা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন হলেই দেশ উন্নত হয় না। মানবিক গুণাবলির উন্নয়ন, চিন্তা, বাক্স্বাধীনতা ও অন্যের মতামতের প্রতি সম্মান প্রদর্শন ও মর্যাদা প্রতিষ্ঠিত না হলে সমাজে মানবাধিকার সুরক্ষিত হয় না।। তাই মানবিক উন্নয়ন বিষয়ে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা জরুরি।
মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও জাতিসংঘ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত মানবাধিকার-বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের শেষ দিনে আয়োজন করা হয় এই আলোচনার। এবারের উৎসবের থিম ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ৭০ বছর পর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা এবং জার্মান সরকারের সহযোগিতায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে রোববার বিকেলে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অং রাখাইন, মানবাধিকারকর্মী সঞ্জীব দ্রং এবং চলচ্চিত্র সংসদকর্মী রাশেদুল হাফিজ। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
ফারেনহোল্টজ বলেন, ‘মানবজাতির ইতিহাসে উৎপাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিশ্বব্যাপী ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে, যা বিশ্বের মানুষের মর্যাদা রক্ষা করে।’ মিয়া সেপ্পো বলেন, এ ধরনের উত্সব সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি শান্তি ও উন্নয়নের অগ্রগতির জন্য মানবাধিকারের সর্বজনীন ঘোষণা বাস্তবায়নে ভূমিকা রাখবে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মানবাধিকারের ধারণা সিলেকটিভ হয়ে গেলেই বিপদ। আমার মতের বা দলের লোকের মানবাধিকারের দাবিতে আমার প্রাণ কাঁদল, কিন্তু অন্য মত বা দলের লোকের মানবাধিকারের আকুতি আমাকে স্পর্শও করল না, এটা খুবই বিপজ্জনক একটা রোগ। দুঃখজনক হলেও সত্য, পৃথিবী এখন এই রোগে আক্রান্ত। আমাদের দায়িত্ব পৃথিবীকে এই রোগ থেকে মুক্ত করা।’
সঞ্জীব দ্রং বলেন, প্রত্যেকের মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে সমান গুরুত্ব পাওয়া উচিত। মানবাধিকারের দায়িত্ব মূলত নিতে হবে রাষ্ট্রকে। সংখ্যালঘু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর কোনো নাগরিক যেন মানবাধিকারবঞ্চিত না হয়, সেদিকে সচেতন থাকতে হবে রাষ্ট্রকে।
চলচ্চিত্র সংসদের কর্মী রাশেদুল হাফিজ বলেন, জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণার ৭০ বছর পূর্তি হলেও এখনো এ ঘোষণা সম্পর্কে সাধারণ জনগণ, সমাজের দায়িত্বশীল, এমনকি সংস্কৃতিকর্মীরাও সম্যক অবহিত নন। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও তৃণমূল পর্যায়ে মানবাধিকার শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে।
বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উৎসবের সমাপনীতে ২০ জন বিজয়ী চলচ্চিত্র নির্মাতার নাম ঘোষণা করা হয়। ৮২টি দেশ থেকে মোট ৭৩৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে এই উৎসবে। সেখান থেকে ২ দিনব্যাপী এ উৎসবের ৪টি সেশনে মোট ৭০টি দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে লাইফ ড্রপস চলচ্চিত্রের জন্য প্রথম হন ভারতীয় নির্মাতা অভিষেক শোয়াইন। দ্বিতীয় হন যৌথভাবে বাংলাদেশি নির্মাতা জোসেফ মেহেদী (পোস্টার) এবং ফজলে রাব্বী (ফ্লায়িং চাইল্ড)। ভিমবাম রিফ্লেকশন-এর জন্য তৃতীয় হন শ্রীলঙ্কান নির্মাতা বাভানাথান নিথিয়ানান্থান। এ ছাড়া মানবাধিকার-বিষয়ক চলচ্চিত্র হিসেবে বিশেষভাবে মনোনীত হয় আটটি চলচ্চিত্র। শ্রেষ্ঠ নির্মাতা, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও অ্যানিমেশন বিভাগে পাঁচটি চলচ্চিত্র মনোনীত হয়।