চলচ্চিত্রকার আলমগীর কুমকুম আর নেই
চলচ্চিত্রকার আলমগীর কুমকুম (৭০) আর নেই। গতকাল সোমবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল বাদ আসর আলমগীর কুমকুমের বাসার সামনে রামপুরা মসজিদে তাঁর জানাজা হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। সেখান থেকে বিকেল পাঁচটায় মরদেহ এফডিসিতে নেওয়া হলে চলচ্চিত্রশিল্পী, পরিচালক ও প্রযোজকেরা শেষ শ্রদ্ধা জানান। এখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে তাঁর লাশ বারডেমের হিমঘরে রাখা হয়। বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।আলমগীর কুমকুম সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি একাধারে পরিচালক ও প্রযোজক ছিলেন। তিনিস্মৃতিটুকু থাক, আমার জন্মভূমি, গুন্ডা, মমতা, আগুনের আলো, কাপুরুষ, সোনার চেয়ে দামী, রাজবন্দী ভালবাসা, কাবিনসহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি দীর্ঘদিন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জয়বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।