চলচ্চিত্রকার বাদল রহমানের ইন্তেকাল
বাংলাদেশে প্রথম শিশু চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনীর নির্মাতা বাদল রহমান আর নেই। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বাদল রহমান। এরপর তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রমনা জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তারপর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদে (বিএফডিসি) অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর বারডেম হাসপাতালের হিমাগারে তাঁর মরদেহ রাখা হয়। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ নেওয়া হবে। এরপর বাদ জোহর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।বাদল রহমানের জন্ম ১৯৪৮ সালের ৪ জুন। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল তাঁর। দেশে বিভিন্ন স্থানে সম্পাদনার কাজ শেখার পর তিনি চলে যান ভারতের পুনা ফিল্ম ও টিভি ইনস্টিটিউটে চলচ্চিত্র সম্পাদনার ওপর ডিপ্লোমা করতে। তারপর সেখানে তিনি বেশ কিছুদিন শিক্ষকতাও করেন।জীবদ্দশায় বাদল রহমান চলচ্চিত্র সংসদ ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সহসভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে প্রযোজনার কাজও করেন তিনি। ১৯৭৯ সালে তিনি নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী। এ ছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যাশার সূর্য, সেলফ পোর্ট্রেট, শিল্পীর শিল্প। তাঁর মৃত্যুতে তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী শোক প্রকাশ করেছেন।