চলচ্চিত্রনির্মাতা ফারুকীর মাতৃবিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলসুম বেগম
কুলসুম বেগম

২১ দিন পর্যন্ত লাইফসাপোর্টে থাকার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর মা কুলসুম বেগম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে ৫ মার্চ রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে স্থানান্তর করা হয়। অবশেষে গতকাল রাত নয়টা ৫০ মিনিটে ওই হাসপাতালে মারা যান কুলসুম বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার মা আমার কাছে পীর। আমার কাছে তিনি সবচেয়ে বড় কবি। উজানে নৌকা বাওয়া সবচেয়ে সাহসী মানুষ ছিলেন আমার মা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, কাল বাদ জুমা নাখালপাড়া নুরানী জামে মসজিদে কুলসুম বেগমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদ কবরস্থানে কুলসুম বেগমকে সমাহিত করা হবে।

ফারুকীর মায়ের মরদেহ এখন বারডেম হাসপাতালের শব হিমাগারে রাখা আছে।

তিনি স্বামী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখেছেন। কুলসুম বেগমের দুই ছেলে মোস্তফা সরয়ার ফারুকী ও কিবরিয়া ফারুকী নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। অভিনয়শিল্পী তিশা তাঁর মেজো ছেলে মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী।