চলচ্চিত্রনির্মাতা বেলাল আহমেদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা বেলাল আহমেদ আর নেই। গতকাল সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বেলাল আহমেদের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির
মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। বেলাল আহমেদ এক পুত্রসন্তানসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিন দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন বেলাল আহমেদ।সোমবার সকালে ব্যথা বেড়ে যায়। এরপর তাঁকে হাতিরপুলের বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে জানাজা শেষে বনানী কবরস্থানে বাবার কবরে তাঁকে সমাহিত করা হয়।
১৯৪৮ সালের ২৮ নভেম্বর জামালপুরে জন্মগ্রহণ করেন বেলাল আহমেদ। ষাটের দশকে প্রথমে বন্ধন ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।
১৯৬৭ সালে পরিচালক নজরুল ইসলামের সঙ্গে স্বরলিপি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে আরও অনেকের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেন বেলাল আহমেদ।
১৯৭৯ সালে নাগরদোলা চলচ্চিত্রটি পরিচালনার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ব্যবসায়িকভাবে ছবিটি সফলতা লাভ করলেও বেশ কয়েক বছর নির্মাণকাজ থেকে নিজেকে বিরত রাখেন তিনি। এরপর ১৯৮৪ সালে নয়নের আলো সিনেমাটি মুক্তির পর নিয়মিত চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তাঁর নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ঘর আমার ঘর, আমানত, গঙ্গা যমুনা, সাক্ষী
প্রমাণ, ক্রিমিনাল, নন্দিত নরকে ও অনিশ্চিত যাত্রা।