চলচ্চিত্রে আমাদের সম্ভাবনার কথা তুলে ধরুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রে আমাদের ইতিহাস ও সম্ভাবনার কথা তুলে ধরার এবং এই অঙ্গনে মেধাবী, পরিশ্রমী ও সৃষ্টিশীল মানুষদের কাজ করার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতিচর্চার অন্যতম প্রধান মাধ্যম চলচ্চিত্র। চলচ্চিত্র জীবনের কথা তুলে ধরে এবং মানুষের স্বপ্ন ও সংগ্রামের কথা বলে। বিনোদনের পাশাপাশি চলচ্চিত্র মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করে।তিনি বলেন, চলচ্চিত্রের ভাষা সর্বজনীন। তাই দেশ-কাল ও ভাষার সীমাবদ্ধতা অতিক্রম করে একটি ভালো চলচ্চিত্র হয়ে যায় চিরায়ত সৃষ্টি।চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মার্গুব মোর্শেদ। বক্তব্য দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ভারতের চলচ্চিত্র পরিচালক সৈয়দ আকতার মির্জা, জিএমজি এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, চলচ্চিত্রকার বাদল রহমান এবং ঢাকায় নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সেক্রেটারি কিশোয়ার কামাল। ‘বেটার ফিল্ম বেটার অডিয়েন্স বেটার সোসাইটি’—স্লোগান নিয়ে আয়োজিত নয় দিনের এই উত্সবে বিশ্বের ৬৬টি দেশের ১৯০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। গতকাল উদ্বোধনী দিনে মালয়েশিয়ার নির্মাতা ইয়াসমিন আহমেদের ‘টেল এন টাইম’ ছবি প্রদর্শন করা হয়। ২২ জানুয়ারি পর্যন্ত উত্সব চলাকালে ঢাকার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও শহীদ জিয়া মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে চলচ্চিত্র দেখানো হবে।হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাত্: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জেনেট মুরোর নেতৃত্বে ৩৫ সদস্যের একটি নারী প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করার সময় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, তাঁর সরকার ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করতে যাচ্ছে। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের জনগণের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এ সময় উপস্থিত ছিলেন।