চলছে আঞ্চলিক গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসব শুরু। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা
সিরাজগঞ্জের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসব শুরু। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

কনকনে শীত উপেক্ষা করে সকালে আটটার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে সরগরম সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ। এখানে চলছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৬ ’। এবারের উৎসবের স্লোগান ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’।

সকাল নয়টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জাতীয় পতাকা, ডাচ্-বাংলা ব্যাংকের সিরাজগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক রাশিদুল হাসান গণিত অলিম্পিয়াডের পতাকা এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের পর পরীক্ষার্থীরা লাইন ধরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। শুরু হয় এক ঘণ্টা ১৫ মিনিটের লিখিত পরীক্ষা। জেলার মোট ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী উৎসবে অংশ নিচ্ছে। প্রথম আলোর সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে তথ্যসহ ছয়টি স্টল স্থাপন করা হয়েছে। বইয়ের স্টলে শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ক বই রাখা হয়েছে।

পরীক্ষার পর রয়েছে উৎসবের মূল পর্ব। এতে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্ন-উত্তর পর্ব, রুবিকস প্রতিযোগিতা হবে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদ হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দীন ও আবুল হোসেন ও ইসলামিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম।

পরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণিত সংগীত ও নৃত্য পরিবেশন করবে। দুপুরের পর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।