চলছে উত্তরপত্র মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপটাউনের দুদিকে মহাসাগর। আর ভেতরে ক্রমশ উঁচু ভূমি। কোথাও কোথাও সেটি পাহাড়মালায় বিস্তৃত। এমন কয়েকটি পাহাড়ের পাদদেশ থেকে একেবারে নিচের সমতলভূমি পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব কেপটাউন। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের বিশাল এলাকা মোটামুটি তিন ভাগে ভাগ করা—নিচু, মধ্য আর উচ্চ ক্যাম্পাস। নিচের ক্যাম্পাসে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়া প্রতিযোগীদের থাকার ব্যবস্থা। কয়েকটা হলে রাখা হয়েছে শিক্ষার্থীসহ অন্যদের। মধ্য ও উচ্চ ক্যাম্পাসে রয়েছে একাডেমিক ভবনগুলো। বিশ্ববিদ্যালয়ে এখন শীতকালীন ছুটি, তাই হল, গ্রন্থাগার সব ফাঁকা। মধ্য ক্যাম্পাসে আইন বিভাগের কয়েকটি কক্ষে এখন আইএমওর উত্তরপত্র সমন্বয়ের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠের সংখ্যা অনেক। প্রায় সব মাঠেই বিকেলে কাউকে না কাউকে ফুটবল বা সকার খেলতে দেখা যায়। বিশাল ক্যাম্পাস হেঁটে  হেঁটে দেখাটা কঠিন। বিশ্ববিদ্যালয়ের  নিজস্ব শাটল যান আছে। সেগুলোতে করে আমরা এদিক সেদিক যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের জমির একটি বড় অংশ দান করেছেন রোডস নামের একজন ধনকুবের। তাঁর স্মৃতিসৌধটিও রয়েছে ক্যাম্পাসের ওপরের দিকে একটি পাহাড়ের ঢালে। প্রায় প্রতিটি পাহাড় থেকে নিচের শহরের ব্যস্ততা চোখে পড়ে। সন্ধ্যায় আলোর রেখা ফুটে থাকে তিনদিকে।

হলের খাবারঘরগুলোতেই সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদের মনে হয় প্রধান খাবার আলু। এখন পর্যন্ত মাত্র এক দিন ভাতের দেখা মিলেছে। রোজাদারদের জন্য প্যাকেট সেহরির ব্যবস্থাও আছে এখানে।

আজ বৃহস্পতিবার উত্তরপত্র বা খাতা সমন্বয়ের প্রথম দিনে আমাদের দুটো সমস্যা দেখা হয়েছে। আইএমওর নিয়মানুযায়ী প্রত্যেক প্রতিযোগীর উত্তরপত্র আয়োজক দেশের পক্ষে এবং অংশগ্রহণকারী দেশের দলনেতা আলাদাভাবে মূল্যায়ন করেন। এ জন্য পরীক্ষা শেষে উত্তরপত্র ফটোকপি করা হয়। পরে উভয় পক্ষ একমত হয়ে নম্বর চূড়ান্ত করে। ১ নম্বর সমস্যাটি বাংলাদেশ গণিত দলের পাঁচজনই সঠিকভাবে সমাধান করেছে। শুধু সাজিদ আকতার পেয়েছে ৩। অর্থাত্ ১ নম্বর সমস্যায় বাংলাদেশের মোট অর্জন ৩৮। তৃতীয় সমস্যাটি কেউ করতে পারেনি। আজ বাংলাদেশ সময় রাতে এই প্রতিবেদন লেখার সময় ৫ নম্বর সমস্যার সমন্বয়ের কাজ চলছিল। আগামীকাল শুক্রবার বাকি তিনটি সমস্যার সমন্বয় করা হবে।

আয়োজকদের ধারণা, আগামীকাল সন্ধ্যার মধ্যে সবার সমন্বয়ের কাজ শেষ করে রাতেই পদকের তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে। তবে সেটি না হলে শনিবার সকালেই তা ঘোষণা করা হবে।

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।