চলছে কর্মী গোছানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে তিন বড় রাজনৈতিক দলের মনোনীত মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী কর্মী বাহিনী গড়ে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। ৩ ডিসেম্বর তাঁদের মনোনয়নপত্র দাখিলের ঝামেলা মিটে যাওয়ার পর প্রার্থীরা এখন নির্বাচনী কর্মী বাহিনী গোছাতে নেমে পড়েছেন।
পীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মেয়র কশিরুল আলম, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রাজিউর রহমান, জাপা (এ) মনোনীত প্রার্থী সাবেক মেয়র গোলাম হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবীর ও নজরুল ইসলাম (জামায়াত)।
পৌরসভার একাধিক ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এবার ভোটযুদ্ধ হবে মূলত তিনটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাপা (এ) মনোনীত প্রার্থীর মধ্যে। এ তিন রাজনৈতিক দলের তিন প্রার্থীই এবার নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদী।
জাপা মনোনীত মেয়র পদপ্রার্থী গোলাম হোসেন বলেন, ‘বাছাইয়ের পর্বটি শেষ হোক। মার্কা পাই। তারপর থেকে ভালোভাবে নির্বাচনের কাজে নামব। এখন ওয়ার্ড-মহল্লা থেকে নির্বাচনী কর্মী বেছে বের করতে শুরু করেছি। আমরা তিনজনই পরিচিত মুখ। পৌরবাসী আমাদের সবাইকে জানেন। আমি জনগণের সুখে-দুঃখে তাঁদের পাশে থেকেছি। সেদিক বিচার করলে জনগণ আমাকেই ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।’
বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রাজিউর রহমান বলেন, ‘আমি পাঁচ বছর ধরে পৌরবাসীর সঙ্গে আছি। আমি পৌরসভায় পরিচিত মুখ। পাঁচ বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। প্রায় ১৫ কোটি টাকার উন্নয়নকাজ চলমান। আমি নির্বাচিত হলে আরও অনেক কাজ উপহার দিতে পারব।’
আওয়ামী লীগের প্রার্থী কশিরুল আলম বলেন, ‘আমি পাঁচ বছর পৌরসভার মেয়র ছিলাম। আমার আমলে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছে পীরগঞ্জ পৌরসভা। এখন যত উন্নয়নকাজ হচ্ছে সব কাজের সূচনা আমার আমল থেকে। এখন আমি ওয়ার্ড-মহল্লায় নির্বাচনী কর্মী বাহিনীর সদস্যদের নিয়ে নিজের প্রচারণার কাজ গুছিয়ে নিচ্ছি। ভোটের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ, আমি মেয়র থাকাকালে পৌরসভাটিকে মাদকমুক্ত এলাকায় পরিণত করেছিলাম।’