কুমিল্লা সরকারি বাণিজ্যিক মহাবিদ্যালয়ে তিন বছর ধরে ইংরেজি শিক্ষকের পদ শূন্য। এখানে কম্পিউটার বিষয় থাকলেও শিক্ষকের পদ নেই। এ অবস্থায় খণ্ডকালীন শিক্ষক ও লোকবল দিয়েই চলছে শিক্ষার্থীদের পাঠদান। শিক্ষকদের হাতে ২০ নম্বর থাকায় শিক্ষার্থীরা নানা অনিয়মের শিকার হচ্ছেন। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও একাডেমিক ইনচার্জ মো. তফাজ্জল আলী প্রথম আলোকে জানান, ১৯৬৬ সালে কুমিল্লা সরকারি বাণিজ্যিক মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এখানে একজন অধ্যক্ষ, তিনজন সহকারী অধ্যাপক, চারজন প্রভাষক ও দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর স্থায়ী পদ রয়েছে। এর বাইরে বাংলা টাইপ ও শর্ট হ্যান্ড বিষয়, ইংরেজি টাইপ, কম্পিউটার শিক্ষা, কম্পিউটার ল্যাবের জন্য একজন করে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া খণ্ডকালীন তিন নৈশপ্রহরী, দুই পিয়ন ও এক আয়া এখানে কাজ করছেন। প্রতিষ্ঠানের ৭৩৬ জন শিক্ষার্থী কাঙ্ক্ষিত শিক্ষা থেকে হচ্ছেন বঞ্চিত।শিক্ষার্থীরা অভিযোগ করেন, তিন বছর ধরে ইংরেজি বিভাগের একমাত্র প্রভাষকের পদটি শূন্য। খণ্ডকালীন শিক্ষক এনে গুরুত্বপূর্ণ ওই বিষয়ে পাঠদান করানো হচ্ছে। এখানকার শিক্ষার্থীদের ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর টিউটোরিয়াল পরীক্ষা থাকে। ওই পরীক্ষায় শিক্ষার্থীদের বেশির ভাগকেই ফেল করিয়ে দেওয়া হয়। এরপর প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। যাঁরা প্রাইভেট পড়বে তাঁরা ভালো নম্বর পাবে। তা ছাড়া ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ছয় মাসের কোর্সের জন্য ক্লাস হয়েছে মাত্র ৩০ দিন। কলেজে এ বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষকদের কাছে প্রতি বিষয়ে ২০ নম্বরের টিউটোরিয়াল নম্বর থাকায় তাঁরা অনিয়মের প্রতিবাদ করতে পারছেন না। গত শনিবার বেলা ১১টায় সরেজমিনে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটির নামফলকের তোরণ পোস্টার দিয়ে ঢাকা। সীমানার ভেতরে গরু-ছাগল চরছে। বহিরাগতদের উপস্থিতিও লক্ষ করা গেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘জনবল দেওয়ার জন্য আমরা প্রতি মাসেই মন্ত্রণালয়ে চিঠি লেখি। কিন্তু কোনো সাড়া মেলেনি। পর্যাপ্ত সংখ্যক পদ না থাকার কারণে খণ্ডকালীন শিক্ষক ও কর্মচারী দিয়ে পাঠদান চালানো হচ্ছে। টিউটোরিয়াল পরীক্ষার নম্বর নিয়ে আমার কাছে অনেক অভিযোগ আসত। এখন এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’ একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান হয়নি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই অনুষ্ঠান আমরা শিক্ষা ও সংস্কৃতি সপ্তাহের সঙ্গে করে ফেলেছি।’