বৃহস্পতিবার কফিন মিছিল, শুক্রবার সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের পর নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। লেখক-প্রকাশকের ওপর হামলা-হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন নিয়ে মিছিল ও শুক্রবার শাহবাগে গণসংহতি সমাবেশ করবে সংগঠনটি।

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী (টুটুল), কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে হত্যাচেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত চলেছে গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল। বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে শাহবাগে অবস্থান নিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

মঞ্চের কর্মীরা আজ সকাল থেকে শাহবাগে অবস্থান নেওয়ায় শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

হরতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন সমর্থন দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কটি সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ ছিল। এ ছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মহানগর ও জেলা শহরে গণজাগরণ মঞ্চের কর্মীরা হরতালের সমর্থনে কর্মসূচি পালন করেছেন।

শাহবাগে সড়ক বন্ধ থাকায় অনেকেই যানবাহন থেকে নেমে হেঁটে মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেছেন। ওই পথ দিয়ে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন না, এটা ঠিক। কিন্তু যে ইস্যুতে এই হরতাল হচ্ছে, সেটিকে সমর্থন করেন তিনি। এ ধরনের হত্যার বিরুদ্ধে সবারই প্রতিবাদ জানানো উচিত বলে তিনি মনে করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা বললেন, অপরাধীদের ধরতে সরকারের ব্যর্থতা আছে। বিচারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। তিনি বলেন, ‘আমি সরকারি চাকরি করলেও এই হরতালে আমার মানসিক সমর্থন আছে।’

রাজধানীর শাহবাগ মোড়ে হরতাল চলাকালে সিপিবি ও বাসদের মিছিল। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর শাহবাগ মোড়ে হরতাল চলাকালে সিপিবি ও বাসদের মিছিল। ছবি: সাজিদ হোসেন
আটকে আছে যানবাহন। ছবি: সাজিদ হোসেন
আটকে আছে যানবাহন। ছবি: সাজিদ হোসেন
শাহবাগে রাস্তায় অবস্থান নিয়েছে হরতাল সমর্থকেরা। আটকে আছে যানবাহন। ছবি: সাজিদ হোসেন
শাহবাগে রাস্তায় অবস্থান নিয়েছে হরতাল সমর্থকেরা। আটকে আছে যানবাহন। ছবি: সাজিদ হোসেন
রাস্তায় গানবাজনা করছেন হরতাল সমর্থকেরা। ছবি: সাজিদ হোসেন
রাস্তায় গানবাজনা করছেন হরতাল সমর্থকেরা। ছবি: সাজিদ হোসেন

আরও পড়ুন: