চলছে চিকিৎসক ও কর্মকর্তা ছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়টি কর্মকর্তা ও চিকিৎসক ছাড়াই চলছে। ফলে বাধ্য হয়ে কম্পাউন্ডার ও ভেটেরিনারি মাঠ সহকারীরা চিকিৎসাসেবা দিচ্ছেন বলে জানা গেছে।প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় একজন প্রাণিসম্পদ কর্মকর্তা ও একজন ভেটেরিনারি সার্জন থাকার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে দুটি পদই শূন্য। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। তিনজন ভেটেরিনারি মাঠ সহকারী থাকলেও দুজনই প্রশিক্ষণে। এ ছাড়া একজন কম্পাউন্ডার, একজন অফিস সহকারী ও ভেটেরিনারি মাঠ সহকারী দিয়ে চলছে। এর মধ্যে ভেটেরিনারি মাঠ সহকারী প্রণয় খীসা কার্যালয়ের কাজে প্রায় সময় ব্যস্ত থাকেন। এতে কম্পাউন্ডার সিয়েম্ভর চাকমাকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ মে ভেটেরিনারি সার্জন (চিকিৎসক) মো. রফিকুল ইসলাম চলে ান। তার পর থেকে আর কোনো চিকিৎসক আসেননি। অন্যদিকে ২০০০ সাল থেকে প্রাণিসম্পদ কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। ফলে একজন ভেটেরিনারি মাঠ সহকারীকে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। অন্যদিকে কোনো চিকিৎসক না থাকায় বিভিন্ন এলাকায় গিয়ে ও কার্যালয়ে কম্পাউন্ডার ও ভেটেরিনারি মাঠ সহকারীরা চিকিৎসাসেবা দিচ্ছেন। এ ছাড়া কার্যালয়ে পর্যাপ্ত ওষুধ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। ভেটেরিনারি মাঠ সহকারী প্রণয় খীসা বলেন, ‘আমাদের জনবল ও ওষুধপত্রের সংকট চলছে। সরকারিভাবে যে ওষুধ সরবরাহ করা হয়, এক বছরের ওষুধ তিন মাসে শেষ হয়। এ ছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন দীর্ঘদিন ধরে নেই। আমার প্রশাসনিক কাজে প্রায় সময় ব্যস্ত থাকতে হয়। এতে লোকজনের চাপে বাধ্য হয়ে কম্পাউন্ডার সিয়েম্ভর চাকমাকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।’ চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করে কম্পাউন্ডার সিয়েম্ভর চাকমা বলেন, কার্যালয় ছাড়াও বিভিন্ন এলাকায় গিয়ে চিকিৎসা দিতে হচ্ছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা দিতে হচ্ছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলার ছয়টি উপজেলায় কোনো কর্মকর্তা নেই। কম্পাউন্ডার ও ভেটেরিনারি মাঠ সহকারীরা সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন। বাঘাইছড়ি উপজেলাতেও কম্পাউন্ডার ও ভেটেরিনারি মাঠ সহকারীরা চিকিৎসাসেবা দিয়ে আসছেন বলে তিনি জানান।