চলছে জামায়াতের ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল চলাকালে শাহবাগ এলাকায় চলছে যানবাহন। ছবি: মনিরুল আলম
হরতাল চলাকালে শাহবাগ এলাকায় চলছে যানবাহন। ছবি: মনিরুল আলম

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিনের হরতাল চলছে ঢিলেঢালাভাবে। রাজধানীতে গণপরিবহন চললেও, চলছে না কোনো ব্যক্তিগত গাড়ি। সকালে যাত্রাবাড়ী এলাকায় পিকেটিংকালে একজন নিহত হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের সতর্ক অবস্থান।
আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব, শাহবাগ, পল্টন ও মতিঝিল এলাকা ঘুরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও র্যাবের সতর্ক অবস্থান দেখা গেছে। দোকানপাটও তেমন খোলেনি। নিউমার্কেটের দুটি দোকান খোলা দেখা গেলেও ভেতরের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। তবে নীলক্ষেতের অনেক দোকান খোলা।
পল্টন মোড় এলাকার অধিকাংশ দোকান বন্ধ। এসব এলাকায় নেই যানবাহনের চাপ। তবে পল্টন মোড়ে র্যাব-পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।
মতিঝিল-দিলকুশা এলাকার ব্যাংকের প্রধান শাখাগুলো খোলা থাকলেও অধিকাংশ শাখা ব্যাংকের অফিস খোলা হয়নি।
সুলতান আহমেদ নামের একজন ব্যাংক কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগামীকাল ১৫ আগস্ট, এরপর শুক্র ও শনিবার। হরতালের কারণে অনেকে ছুটি শেষ করে আসেনি। এতে ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম রয়েছে।’

আর্ক পরিবহনের চালক শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, লোকজন এখনো ঢাকায় এসে পৌঁছায়নি। এ জন্য ঢাকার রাস্তাঘাট ও দোপানপাটে ভিড় কম।

পল্টন এলাকার একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সকালে যাত্রাবাড়ীতে একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।’

সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়েছে, রাজধানীতে এখনো ঈদের আমেজ কাটেনি।