চলছে জুয়া নিঃস্ব হচ্ছেন চা-শ্রমিকেরা
হিন্দু সম্প্রদায়ের শ্যামা বা কালিপূজাকে উপলক্ষ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২২টি চা-বাগানে গত সোমবার থেকে জুয়ার মহোৎসব শুরু হয়েছে। আর বহিরাগত পেশাদার জুয়াড়িদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অসহায় চা-শ্রমিকেরা।কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, কানিহাটি, মাধবপুর চা-বাগান ঘুরে জানা গেছে, সোমবার রাত থেকে উপজেলার ২২টি চা-বাগানের প্রতিটি শ্রমিক বস্তির সড়ক ও প্রধান সড়কের ধারে জুয়ার আসর বসেছে। চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত। বহিরাগত পেশাদার জুয়াড়িরা চা-শ্রমিকদের সরল বিশ্বাসকে পুঁজি করে নিজেদের লোক দিয়ে এসব জুয়ার আসর বসিয়েছে। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নিচ্ছে। পেশাদার জুয়াড়িরা অসহায় চা-শ্রমকিদের টাকা লুটে নিচ্ছে। ছোট ছেলেমেয়েরা পাঁচ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত এবং বড়রা ১০০ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জুয়ার বোর্ডে রেখে খালি পকেটে ফিরে যাচ্ছেন।মাধবপুর, শমশেরনগর ও আলীনগর চা-বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চা-শ্রমিক জানান, একেকটি বাগান থেকে গড়ে প্রতি রাতে আট লাখ টাকা করে সর্বমোট দুই কোটিরও বেশি টাকা পেশাদার জুয়াড়িদের পকেটে যাচ্ছে। তবে পুলিশ কয়েকবার লোকদেখানো অভিযান চালালেও পরে আবারও বসছে জুয়ার আসর।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীহাররঞ্জন নাথ চা-বাগানে জুয়ার আসরের সত্যতা নিশ্চত করে বলেন, সোমবার রাতে মাধবপুর চা-বাগানে অভিযান চালানো হয়েছিল।