চলছে জ্যোতির্বিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতা
‘জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়া এবং পুরো বিশ্বে বিজ্ঞানের এ বিষয়টিকে ছড়িয়ে দিতেই বাংলাদেশে এসেছি।’ কথাটি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান মিখাইল গ্যাব্রিলভের। তাঁর সঙ্গে গতকাল রোববার কথা হয় আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রাঙ্গণে। এখানে শনিবার থেকে শুরু হয়েছে ‘১১তম এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০১৫’। বাংলাদেশে এ প্রতিযোগিতা আয়োজনে মিখাইল গ্যাব্রিলভের বিশেষ ভূমিকাও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। বক্তৃতা করেন মিখাইল গ্যাব্রিলভ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকসান্দর পেত্রোভিচ দিওমিন এবং ডিআইইউর উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।
গতকালই শুরু হয় এ আয়োজনের প্রতিযোগিতা পর্ব। দুপুরে অনুষ্ঠিত হয় লিখিত পর্ব। বাংলাদেশসহ চারটি দেশের ৩৫ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। তবে লিখিত পর্বে অংশ নিয়েছেন ২০ জন। বাকি ১৫ জন সরাসরি ‘আকাশ দেখা’ নামের ব্যবহারিক পর্বে উত্তীর্ণ হয়েছেন। আজ রাতে হবে এই ব্যবহারিক পর্ব।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের পরীক্ষার পাশাপাশি নানা আয়োজন আছে এতে। আজ সোমবার আয়োজক ও প্রতিযোগীরা যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এরপর তাঁদের গন্তব্য গাজীপুরে জ্যোতির্পদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহার বাড়ি। নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ নভেম্বর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। সে দিনই শেষ হবে এই আয়োজন। এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ, রাশিয়া, শ্রীলঙ্কা ও কাজাখস্তান। ২০১২ সালে প্রথমবারের মতো আয়োজক হয়েছিল বাংলাদেশ। ১১তম এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আয়োজক কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, ‘আমরা এই আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষার্থী এবং বিজ্ঞানমনস্ক মানুষের মধ্যে জ্যোতির্বিজ্ঞানকে ছড়িয়ে দিতে চাই।’
এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।