চলছে টুকিটাকি কেনাকাটা, ভিড় নেই বিপণিবিতানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ​ঈদেও অনেকে কেনাকাটা করেন। ছবিটি গতকাল ধানমন্ডির রাপা প্লাজা থেকে তোলা l প্রথম আলো
কোরবানির ​ঈদেও অনেকে কেনাকাটা করেন। ছবিটি গতকাল ধানমন্ডির রাপা প্লাজা থেকে তোলা l প্রথম আলো

ঈদুল আজহা আসতে ১০ দিন বাকি। কেনাকাটা বলতে এখন পশুর হাটের কথা মাথায় আসে। তবে গতকাল সীমান্ত স্কয়ার, নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, মেট্রো শপিং মল ও রাপা প্লাজা ঘুরে দেখা যায়, অনেকেই ঘরের ছোটদের আবদার মেটাতে পোশাকসহ অন্যান্য জিনিস কিনছেন। পাশাপাশি বড়রাও পছন্দ হলে কিছু নিচ্ছেন।
সুমাইয়া রহমান মেয়ের জন্য জুতা কিনতে ধানমন্ডির মেট্রো শপিং সেন্টারে এসেছেন। নতুন জুতা ছাড়া মেয়ে নিহা রহমান ঈদ করবে না। কোরবানির ঈদ হলেও রাজধানীর বিপণিবিতানগুলোতে ঈদের টুকটাক কেনাকাটা চলছে।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিলয় হাসান সীমান্ত স্কয়ারের রঙে পাঞ্জাবি দেখছিলেন। তিনি বলেন, ‘ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না।’ ঈদের দিন ব্যস্ত থাকবেন কোরবানি নিয়ে, তাই তিনি আর কিছু কিনবেন না।
সীমান্ত স্কয়ারের এক জুতার দোকানি মো. রাসেল বলেন, ‘এই ঈদ চিন্তা করে তেমন মাল ওঠানো হয়নি। অল্প কিছু জুতা আনছি। তেমন বেচাবিক্রি হচ্ছে না।’
ননদ বীথি আকতার ও ভাবি আসমা খাতুন মিলে গাউছিয়া থেকে পরিবারের মুরব্বিদের জন্য শাড়ি কিনেছেন। এরপর নিউমার্কেটে ঘুরছেন ছোটদের পোশাক কেনার জন্য। আসমা বলেন, ‘আমাদের তো লাগে না, কিন্তু বাসার পিচ্চিদের কাছে ঈদ মানেই নতুন জামা। কিছু না কিছু দিতেই হয়।’
ছুটির দিন হওয়ায় নিউমার্কেট ও চাঁদনী চকে ভিড়টা একটু বেশি। কেউ প্রয়োজনীয় কেনাকাটা করছেন। কেউ ঈদ উপলক্ষে এসেছেন। বিক্রেতারাও খুব বেশি নতুন জিনিস দোকানে ওঠাননি। নিউমার্কেটের গজ কাপড় বিক্রেতা চঞ্চল মিয়া বলেন, ‘নতুন কাপড় কম আনছি, সামনে তো আবার পূজা আছে, এই জন্য বেশি কিছু ওঠাই নাই।’ জানালেন, অন্যান্য বছরের ঈদুল আজহার সময়ে যে পরিমাণে বিক্রি হতো, তা এবার হচ্ছে না।
লিসা আহমেদ রাপা প্লাজায় এসেছেন কুর্তি কেনার জন্য। কিছু গয়না কিনেছেন। তিনি বলেন, ‘ওইভাবে তো কিছু কিনি না। তবে ঈদের দিন সন্ধ্যার দিকে একটু বের হব, তাই কুর্তি কিনব।’
পোশাক কেনাকাটার পাশাপাশি অনেকে ঘরের প্রয়োজনীয় জিনিসও কিনছেন। নিউমার্কেটে রাহিমা বেগম ডিনার সেটের দরদাম করছেন। কোরবানির ঈদ, বাসায় নানান পদ রান্না হবে। মেহমানও আসবেন। তিনি বললেন, ‘নতুন একটা সেট কেনার দরকার ছিল, সামনে তো ঈদ, তাই কিনেই ফেলব।’