
কোথাও সড়কের পাশের জমির মালিক বাঁশ দিয়ে ঘেরাও করে সড়কের অংশ নিজের সীমানার ভেতরে নিয়ে নিয়েছেন। সড়কের কয়েক জায়গায় রাখা হয়েছে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার। জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। মোটরসাইকেল, গাড়ি ও রিকশা মেরামতের কাজ চলছে সড়কের ওপরেই।
আগারগাঁও থেকে মিরপুর-২ নম্বর পর্যন্ত চলাচলের নতুন রাস্তাটিতে যেন চলছে দখলের উৎসব। দোকানদার, বাড়ির মালিকেরা যে যেভাবে খুশি সড়কের জায়গা দখল করে ব্যবহার করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা বললেও, তা ঘোষণাতেই আটকে আছে।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই সড়কটির সর্বাঙ্গে ব্যথা। এলাকার লোকজনের আগ্রাসী মনোভাবের কারণে দখল হচ্ছে। বাড়ির সামনের সড়ক দখল করে মার্কেট বানিয়ে ফেলেছেন এমন ঘটনাও আছে। তবে এসব দখল স্থায়ী হতে দেওয়া হবে না। অবশ্যই উচ্ছেদ করা হবে।
মিরপুর-২ নম্বর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়-সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতাল পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩ দশমিক ৬৩ কিলোমিটার। দুই লেনের ৬০ ফুট প্রস্থের সড়কটির দুপাশেই পাঁচ ফুট করে ফুটপাত আছে। ১৯৯৫ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি করা বিশদ এলাকা পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী এ রাস্তাটি নির্মাণ করা হয়। রোকেয়া সরণি ও মিরপুর রোডের বিকল্প সড়ক হিসেবে এ সড়কটি ব্যবহৃত হচ্ছে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, সড়কের মণিপুর মোল্লাপাড়া এলাকার বারেক মোল্লা মোড়ে এসে সড়কটির একপাশের প্রস্থ ১০ ফুট হয়ে গেছে। কয়েক জায়গায় দেখা যায়, সড়কের পাশের জমির মালিকেরা সড়কের অনেকটা জায়গা বাঁশ দিয়ে ঘেরাও করে নিজেদের সীমানার ভেতরে নিয়ে নিয়েছেন। আরেক জায়গায় বাঁশ দিয়ে ঘেরাও করে তার মধ্যে গড়ে তোলা হয়েছে দোকানপাট।
সড়কে বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে এমন একটি বাড়িতে গিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। ঘেরাওয়ের ভেতরে কয়েকটি ছাগল চরে বেড়াতে দেখা যায়। বাড়ির সামনের দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক মাস আগে বাড়ির সামনে সড়কের অংশটি ঘেরাও দেওয়া হয়েছে।
সড়ক ও সড়ক-সংলগ্ন ফুটপাতে গড়ে উঠেছে নানা ধরনের দোকান। এর মধ্যে কাঠের বিভিন্ন সামগ্রী নির্মাণ, মোটরসাইকেল ও গাড়ি মেরামত, রিকশা মেরামতের কাজ চলছে সড়কের ওপরেই। বাড়িঘরের নির্মাণসামগ্রী রাখায় ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল বন্ধ। বড় বাগ নতুন রাস্তা মোড়ে সড়কের ওপর সারি দিয়ে রাখা হয়েছে মহাখালী, ফার্মগেট পথে চলাচলকারী লেগুনা।
এ বছরের ৯ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক পীরেরবাগ, আমতলা মোড় ও উত্তর মনিপুর হয়ে গ্রামীণ ব্যাংক ভবন পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের উভয় পাশের ফুটপাতের ওপর নির্মিত অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেন। তখন ডিএনসিসি উচ্ছেদ চালানোর কথা বললেও, উচ্ছেদ করা হয়নি।
দেখা যায়, সড়কের অন্তত চার জায়গায় রাখা হয়েছে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার। এর ফলে সড়ক আরও সংকুচিত হয়ে পড়েছে। ভাঙা ব্রিজ এলাকা, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালক শাখা থেকে খানিক সামনে সড়কের একপাশের বেশির ভাগজুড়ে ময়লার কনটেইনার রাখা।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘এই এলাকাটি ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে ময়লা স্থানান্তরের ঘর (এসটিএস) বানানো হলেও এই ওয়ার্ডে এসটিএস বানানো যাচ্ছে না। কাউন্সিলরকে জায়গা খুঁজতে বলা হয়েছে। এসটিএস হলে কনটেইনার সরিয়ে নেওয়া হবে।’