চলছে পাহাড় কাটা, আ.লীগ নেতা নির্দেশদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের মাঠ ভরাটের জন্য একটি পাহাড় কাটা চলছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামশুল আলমের নির্দেশে পাঁচ দিন ধরে পাহাড়টি কাটা হচ্ছে। ওই নেতা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা গেছে, উপজেলার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের মাঠ ভরাট প্রকল্পে টেস্ট রিলিফের (টিআর) চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল তোলেন প্রকল্পের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামশুল আলম। ওই চাল বিক্রির টাকায় কলেজের মাঠ ভরাটের কথা ছিল। এলাকাবাসী জানান, সবকিছু জানার পরও পাহাড় কাটা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো উদ্যোগ নেই। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ ও বিট কর্মকর্তারা বিষয়টি জেনেও নীরব ভূমিকা পালন করছেন।উপজেলা প্রকল্প কার্যালয়ের সহকারী কাজল চন্দ্র দাশ জানান, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের মাঠ ভরাটের নামে টিআর প্রকল্পের আওতায় তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। তিনি বলেন, প্রকল্পের সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামশুল আলম প্রকল্পের শুরুতে তিন মেট্রিক টন চাল তোলেন। চাপাচাপির কারণে মেয়াদ শেষ হওয়ার পর প্রকল্পের কাজ শুরু করেন। তবে তিনি পাহাড় কেটে কলেজের মাঠ ভরাট করার বিষয়ে কিছুই জানেন না বলে জানান। সামশুল আলম প্রথম আলোকে বলেন, ‘পাহাড়টি সরকারি নয়। বাবুল নামে এক আওয়ামী লীগ নেতার মালিকানাধীন। মাটির জন্য তাঁকে কোনো টাকা দেওয়া হচ্ছে না। প্রতি ট্রাক এক হাজার টাকা হিসেবে ট্রাকচালক কলেজের মাঠে মাটি ফেলছে।’ পাহাড়ের তথাকথিত মালিক বাবুল জানান, তিনি রহমত আলী নামে এক ব্যক্তির কাছ থেকে পাহাড়টি কিনেছেন। সেখানে বসতবাড়ি করার জন্য বিনা পয়সায় পাহাড়টি কাটতে দিয়েছেন। গত ৯ জুলাই থেকে পাহাড় থেকে মাটি কাটা হচ্ছে। গত ১২ জুলাই পর্যন্ত পাহাড় কেটে ১৭ ট্রাক মাটি নেওয়া হয়েছে বলে জানান তিনি। সরেজমিনে দেখা যায়, পাহাড়টির বুক চিড়ে মাটি কাটা হচ্ছে। নম্বর-প্লেটহীন একটি ট্রাকে বহন করে কলেজের মাঠে নিয়ে ফেলা হচ্ছে সেসব মাটি। গতকাল মঙ্গলবার সকালে ক্ষতবিক্ষত পাহাড়টির ছবি তোলার সময় ট্রাকের চালক শ্রমিকদের নিয়ে পালিয়ে যান।চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের বগাবিলি বিট কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘পাহাড়টি ইছামতি বন বিটের সংরক্ষিত এলাকার। পাহাড়টি কেটে ফেলার কারণে এলাকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, কলেজের মাঠ ভরাটের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। পাহাড় কেটে মাঠ ভরাটের জন্য তো কাউকে প্রকল্প দেওয়া হয়নি।