চলছে পূজা ও ঈদের কেনাকাটা
‘এখানে না এলে যেন পুরো কেনাকাটাই অপূর্ণ থেকে যায়। তাই শেষবারের মতো সবগুলো দোকান ঘুরে দেখলাম আরও আকর্ষণীয় কিছু পাই কি না। যাচাই-বাছাই করে একটি শাড়ি কিনে তবেই ফিরছি।’ বললেন শিউলী সাহা। তিনি চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে এসেছেন নাসিরাবাদের আফমী প্লাজায়। ঘুরে ঘুরে দেখেছেন বুটিক হাউসের দোকানগুলো।
গতকাল বৃহস্পতিবার ছিল দুর্গাপূজার কেনাকাটার শেষ দিন। তাই সকাল থেকেই চট্টগ্রাম নগরের নিউমার্কেট, মিমি সুপার মার্কেট, রিয়াজ উদ্দিন বাজার, আমিন সেন্টার, স্যানমার ওশান সিটি, আখতারুজ্জামান সেন্টার, লাকী প্লাজা প্রভৃতি বিপণিকেন্দ্র ছিল ক্রেতার আনাগোনায় সরগরম। কেউ কেউ আবার ছুটে গেছেন নগরের আন্দরকিল্লা টেরিবাজার এবং আশপাশের পাইকারি দোকানেও।
সঙ্গে দুই মেয়েকে নিয়ে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আসা রেশমা বেগমের সঙ্গে কথা হয় টেরিবাজারের একটি দোকানে। তিনি বললেন, ‘মেয়েদের জন্য থ্রি-পিস কিনতে এসেছি। সাধারণ মার্কেটের চেয়ে এখানে দাম কম, তাই প্রতিবছর আমি এখান থেকেই ঈদের কেনাকাটা সারি।’
মিমি সুপার মার্কেটের ময়ূরাক্ষীর মালিক জোবাইদা আশরাফ বললেন, ‘আসলে ঈদ ও পূজা প্রায় কাছাকাছি সময়ে হওয়ায় ক্রেতার সমাগম এবং বিক্রি দুটিই সন্তোষজনক বলতে পারি। ব্যবসায়ীদের মধ্যে তেমন হতাশাবোধ নেই।’ এবারের ঈদ ও পূজার এই মৌসুমে পাঞ্জাবি, থ্রি-পিস ও শাড়ির দিকেই সবার আগ্রহ চোখে পড়ছে।
জোবাইদা আশরাফ বলেন, ‘লিনেন কাপড়ের থ্রি-পিস ও শাড়িই বেশি চলছে। আমাদের এখানে শাড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১২ হাজার টাকায়; সুতি, তসর ও সিল্কের থ্রি-পিস এক হাজার ২০০ থেকে পাঁচ হাজার টাকা। এ ছাড়া দুই হাজার থেকে ১০ হাজার
টাকা দামেরও থ্রি-পিস রয়েছে।’
দেশি দশের ‘রঙের’ ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পূজা উপলক্ষে ধুতি এবং বিশেষ ডিজাইনের ফতুয়া, পাঞ্জাবি ও টি-শার্ট বিক্রি করছি। এ ছাড়া ঈদ উপলক্ষেও বিক্রি হচ্ছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও টি-শার্ট। ধুতি ৭৫০ থেকে এক হাজার ১৫০ টাকা, পূজার পাঞ্জাবি ৬৫০ থেকে এক হাজার ৫০ টাকা, সাদা পাঞ্জাবি ৯০০ থেকে ৩ হাজার টাকা, টি-শার্ট ৩৫০ থেকে ৪৫০, থ্রি-পিস এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৬০০, তাঁতের শাড়ি ৪৮০ থেকে পাঁচ হাজার এবং কাজ করা শাড়ি এক হাজার ৩৫০ থেকে ১৫ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।’