চলছে বিজ্ঞান জয়োৎসব
স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্য নিয়ে দুই দিন ব্যাপী শুরু হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব। আজ রোববার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন সেন্টারে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

উৎসবের প্রথম দিন আজ রোববার দেশের ১৫টি আঞ্চলিক পর্বের বিজয়ীরা ১১৫টি প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে। মেলায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আগামীকাল সোমবার সকালে অনুষ্ঠিত হবে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, জ্ঞানের চর্চা না করলে পিছিয়ে পড়তে হয়। চর্চা করেই শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের বাংলাদেশ, জীবনদানের বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে।

বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ করে মন্ত্রী ইয়াফেস আরও বলেন, ‘আজকে যারা ছোট ছোট ছেলে-মেয়েরা এখানে এসেছ, তোমরাই ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশের পূর্ণ রূপ দেবে। তোমরা দেশটাকে ঠিক কোথায় নিয়ে যাবে, বলতে পারব না। কারণ আমার ওই কল্পনা নেই!’

পরে মেলার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা। তাঁরা কয়েকজন শিক্ষার্থীদের সাজিয়ে রাখা প্রকল্পগুলোর ব্যবহার ও উপযোগিতা নিয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সিটি ব্যাংকের প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. জহিরুল ইসলাম ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ড) আলমগীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞান জয়োৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান প্রমুখ।
সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এই উৎসবের আয়োজন করেছে।
আরও জানতে পড়ুন
আজ থেকে ঢাকায় জাতীয় পর্ব শুরু