বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আঞ্চলিক পরিদর্শনকেন্দ্র কুমিল্লার বেহাল দশা। প্রথম শ্রেণীর ওই আবহাওয়া পর্যবেক্ষণাগারের ২৩টি পদের মধ্যে শীর্ষ পদগুলোসহ ১৫টি পদই শূন্য। বাকি আটজন নিম্নপর্যায়ের লোকবল দিয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।একই সঙ্গে কেন্দ্রটির একতলা ভবনের পলেস্তারা খসে পড়েছে। একটু বৃষ্টি হলেই সেখানে পানি পড়ে। নেই সীমানাপ্রাচীরও। তার ওপর ওই কেন্দ্রের একমাত্র টেলিফোনটি এক বছর ধরে বিকল রয়েছে। ফলে কুমিল্লাবাসী টেলিফোনে আবহাওয়ার পূর্বাভাস জানা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গুরুত্বপূর্ণ ওই কেন্দ্রের কার্যক্রম। গতকাল রোববার সরেজমিনে গিয়ে ওই তথ্য পাওয়া গেছে।জানা গেছে, ১৯৭৮ সালে ২ দশমিক ৫ একর জায়গা নিয়ে কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগার প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে একে আঞ্চলিক পরিদর্শনকেন্দ্র হিসেবে পরিগণিত করা হয়। কুমিল্লা নগরের বিমানবন্দর এলাকার পাশেই এর অবস্থান। একতলাবিশিষ্ট ওই আবহাওয়াকেন্দ্রের তিনটি কক্ষের জরাজীর্ণ অবস্থা। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে। এখানকার ২৩টি পদের মধ্যে ১৫টি পদই শূন্য।ওই কেন্দ্রের বেলুন মেকার মো. মাইন উদ্দিন বলেন, এর অধীনে ফেনী, চাঁদপুর, নোয়াখালী, হাতিয়া ও চট্টগ্রামের কিছু অংশের আবহাওয়া পর্যবেক্ষণ করা হয়। ওই কেন্দ্র থেকে বৃষ্টিপাতের পরিমাণ, বাতাসের গতি, বাতাসের আর্দ্রতা, তাপমাত্রা, জলীয় বাষ্পের পরিমাণ, সূর্যের কিরণ মাপা, মাটির তাপমাত্রা নির্ণয় এবং ভূ-পৃষ্ঠ থেকে দুই সেন্টিমিটার ওপরে বাতাসের গতি নিরূপণ করা হয়।এ ব্যাপারে উচ্চ পর্যবেক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত এ কে এম মিজানুর রহমান ভূঁইয়া বলেন, যোগ্য লোকবল না পাওয়া এবং অর্থের অভাবে শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। তার চুরির কারণে টেলিফোন লাইন ঠিক রাখা যাচ্ছে না। প্রায়ই টেলিফোনটি বিকল থাকে।এ ব্যাপারে আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক সন্তোষ চন্দ্র মাতব্বরের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।