মাঘের শীত, সাপ্তাহিক ছুটি কিংবা অবরোধ—এগুলোর কোনো প্রভাব এখন পড়ছে না বাংলা একাডেমি ও এর উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যানের সুবজ প্রাঙ্গণে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রকাশকদের মধ্যে অস্বস্তি থাকলেও সেখানে বিরামহীন চলছে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির কর্মযজ্ঞ।
কুয়াশায় ঢাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে কাজ। প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শ্রমিকেরা করছেন স্টল কিংবা প্যাভিলিয়ন তৈরির কাজ। আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে চলছে সাজসজ্জার কাজ। আগামীকাল ১ ফেব্রুয়ারি বোরবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন করবেন মাসব্যাপী এই বইমেলা। একই সঙ্গে তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন।
গতকাল শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেই শোনা গেল হাঁতুড়ি আর কাঠের ঠুকঠাক। একটু এগোতেই নাকে লাগল কাঁচা রঙের ঘ্রাণ। রাস্তা পেরিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢুকেও একই অবস্থা। এখানে বাড়তি মিলল প্রাঙ্গণকে আরও সুশোভিত করতে নতুন লাগানো ফুলের গাছ থেকে আসা ঘ্রাণ। দুই প্রাঙ্গণেই শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের আবহমান সংস্কৃতির ছোঁয়ায় সজ্জিত হচ্ছে প্রকাশনা সংস্থার স্টলগুলো।
মেলার আয়োজক বাংলা একাডেমি হলেও মেলাকে পাঠকদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন প্রকাশকেরাই। গতকাল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশকদের তেমন দেখা মেলেনি।
নির্মাণ কিংবা সাজসজ্জায় ব্যস্ত কর্মীরা জানালেন, প্রকাশকেরাও খুব ব্যস্ত। ছাপাখানা কিংবা বাঁধাই প্রতিষ্ঠানে ব্যস্ত তাঁরা। কেউ কেউ যাচ্ছেন লেখকদের কাছে, কেউ প্রচ্ছদশিল্পীদের কাছে। সরাসরি সৃজনশীল প্রকাশনায় জড়িত ব্যক্তিরা ব্যস্ত নতুন বইয়ের ছাপা নিয়ে।
একাডেমি প্রাঙ্গণে বেশি ব্যস্ততা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। উদ্বোধনী আয়োজন ছাড়াও এখানে বসবে প্রতিদিনের আলোচনা সভা। সোহরাওয়ার্দী উদ্যানে ব্যস্ততা পুরোটাই স্টল সাজানোতে। প্রস্তুতির শেষ মুহূর্তে বেশির ভাগ স্টলেই চলছে রংয়ের ও বিদ্যুৎ সংযোগের কাজ।
প্রস্তুতি চূড়ান্ত হলেও প্রকাশকদের মধ্যে অস্বস্তি থাকছেই চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে। এ নিয়ে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধারেরা উদ্বেগ প্রকাশ করলেও গণমাধ্যমে পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তাঁদের আশা, প্রাণের টানে মানুষ মেলায় আসবে। আর বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান মনে করেন, বাঙালির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বোধ চর্চার এই আয়োজনটি দল-মতনির্বিশেষে সফল করে তুলবেন।
অংশ নিচ্ছে ৩৫১টি প্রতিষ্ঠান
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৩৫১টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪ ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে একটি, ৩ ইউনিটের ৫০টি, ২ ইউনিটের ১২০টি এবং ১ ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে ১৬৯টি প্রতিষ্ঠান। প্যাভিলিয়ন রয়েছে ১১টি। বাংলা একাডেমি অংশে থাকছে সরকারি, স্বায়ত্তশাসিত, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার স্টল। এখানে স্থাপিত হয়েছে শিশু কর্নার, যেখানে ২ ইউনিটের নয়টি এবং ১ ইউনিটের ২২টি স্টল থাকছে। সব মিলিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টি ইউনিট বিভাজন করা হয়েছে। এ ছাড়া এখানে লিটল ম্যাগ চত্বরে থাকছে ৭৫টি ছোট কাগজের স্টল। যেসব প্রকাশক ও প্রকাশনা সংস্থা স্টল বরাদ্দ পায়নি, তাদের বই প্রদর্শন ও বিক্রি করা যাবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে।
গত সপ্তাহে লটারির মাধ্যমে স্টল বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। স্টল পাওয়ার জন্য এখনো জোর তদবির চলছে। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, এসব তদবির খুব একটা আমলে নেওয়া হচ্ছে না।
সত্যিকার অর্থে মেলার প্রস্তুতিতে এখন আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে। কেননা, উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতির কারণে আজ দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যস্ত চিত্রশিল্পী আবুল হাসান বলেন, একটু দেরিতে স্টল বুঝে পাওয়ায় কাজ শেষ করতে তাড়াহুড়া করতে হচ্ছে। আরও এক দিন আগে স্টল পেলে এত তাড়াহুড়ো করতে হতো না।