পাড়াবাসীর উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে প্রুমংউ হেডম্যানপাড়ার হেব্রন প্রাথমিক বিদ্যালয়টি চলছে। সরকারি কোনো আর্থিক সহযোগিতার ওপর নির্ভর না করে নিজেরাই বিদ্যালয় নির্মাণ ও ব্যবস্থাপনার কাজ করেন বলে পাড়াবাসীর সঙ্গে গতকাল রোববার কথা বলে জানা গেছে। শিক্ষকেরা জানিয়েছেন, গত বছর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ বছর পাঁচজন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষা দিয়েছে। বর্তমানে ১০২ জন আদিবাসী ছেলেমেয়ে বিদ্যালয়টিতে পড়াশোনা করছে।জেলা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বান্দরবান সদর ইউনিয়নের প্রুমংউ হেডম্যানপাড়ায় গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির সম্প্রসারণের জন্য একটি ঘর নির্মাণের কাজ চলছে। সেখানে হেব্রনপাড়ার লালমুন থাং বম ও লালপিয়ান থাং বম কাজ করতে করতে বলেছেন, ছাত্রছাত্রী বেড়ে যাওয়ায় আরেকটি ঘর নির্মাণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তাঁরা এটির নির্মাণকাজ করছেন। প্রুমংউ চাকমা পাড়াবাসী বাঁশ-গাছ দিয়েছেন। অন্যান্য পাড়ার লোকজন টিন, দরজা-জানালার উপকরণ দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণমোহন চাকমা জানালেন দুজন শিক্ষক নিয়ে বিদ্যালয়ে যাত্রা হলেও বর্তমানে চারজন শিক্ষক রয়েছেন। আগে সম্পূর্ণ এলাকার লোকজনের চাঁদায় তাঁরা বেতন পেতেন। এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনা দেখে বর্তমানে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) নামে একটি এনজিও সংস্থা তাঁদের বেতন দিয়ে থাকেন। এ বিদ্যালয়ে বম, মারমা, চাকমা ত্রিপুরা ছেলেমেয়েরা পড়াশোনা করে। সিডিসির প্রকল্প ব্যবস্থাপক লিয়ানভেল বম বলেছেন, এ এলাকার কয়েক কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। সমাজের প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ ও উদ্যোগ থাকায় প্রুমংউপাড়া হেব্রন প্রাথমিক বিদ্যালয়টি অত্যন্ত ভালোভাবে চলে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংরেম বম বলেছেন, আগে বিদ্যালয়টি পাহাড়ের ওপরে হেব্রন বমপাড়ায় ছিল। কিন্তু পাড়াটি দূরে হওয়ায় পাঁচ-ছয়টি পাড়ার কেন্দ্রস্থল প্রুমংউ হেডম্যানপাড়ায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, এলাকার লোকজন সবাইকে সভা ডেকে ব্যয় নির্বাহের খরচের চাঁদা নিয়ে বিদ্যালয়টি নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। বান্দরবান সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেছেন, সম্পূর্ণ সামাজিক উদ্যোগে পরিচালিত প্রুমংউপাড়া হেব্রন প্রাথমিক বিদ্যালয়টি খুবই ভালো চলে। গত বছর থেকে তারা প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে এবং ফলাফল ভালো করছে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য পরিচালনা কমিটি ও শিক্ষকদের বলা হয়েছে বলে তিনি জানান।